পাকিস্তানপন্থা মোকাবেলার পাশাপাশি দুর্নীতি-লুটপাট-বৈষম্য অবসান করতে হবে: ইনু

সন্ধান২৪.কমঃ  পাকিস্তানপন্থা মোকাবেলার পাশাপাশি দুর্নীতি-লুটপাট-বৈষম্যের অবসান ঘটিয়ে,অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে সুশাসন-সমাজতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। তবেই মুক্তিযুদ্ধের চেতনা ও ৭২ সালের সংবিধানের চার মূলনীতি বাস্তবায়ন করা সম্ভব হবে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি একথা বলেছেন।
যুক্তরাষ্ট্র জাসদের উদ্যোগে গত ২৮ নভেম্বর রবিবার সন্ধ্যা ৬ টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস জুইস সেন্টারে এই আলোচনাসভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি বিশিষ্ট নারী নেত্রী আফরোজা হক রীণা, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবলু ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুর আলম জিকু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড যুক্তরাষ্ট্র কামন্ডার আব্দুল মুকিত চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদ আনসারী, কর্ণেল তাহের সংসদ যুক্তরাষ্ট্র ও সাবেক জাসদ নেতা কবি ফকির ইলিয়াস, জাসদ নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান, আমিনুর রহমান পাপ্পু, আবুল ফজল লিটন, শরিফুল হক মনজু প্রমুখ।
এ আলোচনাসভা ও পুনর্মিলনীতে নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও শহর থেকে বিপুল সংখ্যক জাসদের নেতা-কর্মী-সমর্থক এবং প্রবাসীরা যোগ দেন।


সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেন, পাকিস্তানপন্থীরা মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অশান্তি-অস্থিতিশীলতা তৈরি না করলে, উন্নয়নের পথে কাঁটা না বিছালে, দুর্নীতিবাজ-লুটেরা গোষ্ঠী ঘরকাটা ইঁদুর-উইপোকার মত উন্নয়নের সুফল খেয়ে না ফেললে, বাংলাদেশ আরও বহুগুণ এগিয়ে যেতে পারতো। পাকিস্তানপন্থীরাই মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, স্বাধীনতাকে অস্বীকার করে, বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করে, সংবিধানকে অস্বীকার করে, মীমাংসিত বিষয়কে অমীমাংসিত করে, রাজনৈতিক প্রতিপক্ষকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার ঘৃণ্য রাজনীতি করে দেশে বিরোধ-সংঘাত-অস্বাভাবিকতা- অশান্তি তৈরি করে রেখেছে।

হাসানুল হক ইনু এমপি আরো বলেন, বৈশ্বিক মহামারী করোনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ধ্রুপদি পুঁজিবাদ তথা মুক্তবাজার অর্থনীতি মানুষের জীবন বাঁচাতে পারেনা। মুক্তবাজার অর্থনীতি বৈষম্য ছাড়া কিছুই দিতে পারেনা।
হাসানুল হক ইনু বলেন, ১৯৭১ সালের পূর্বপাকিস্তান ও ২০২১ সালের বাংলাদেশের আর্থ-সামাজিক মানবিক উন্নয়নের সূচনাগুলো তুলনা করলে বাংলাদেশের ঘোরতর শত্রুও স্বীকার করবে স্বাধীনতা বংলাদেশের উন্নয়নের স্বর্ণ দুয়ার খুলে দিয়েছিল। ৫০ বছরে বাংলাদেশ আর্থ-সামাজিক- মানবিক উন্নয়নের ক্ষেত্রে বিস্ময়কর উন্নতি অর্জন করেছে।

Exit mobile version