সন্ধান২৪.কমঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,‘জনগণের উৎসাহে করোনা টিকার বিরুদ্ধে বিএনপি’র অপপ্রচারে ভাটা পড়েছে’ । তিনি বলেন, সবাই বিপুল উৎসাহে ভ্যাকসিন নেয়া শুরু করেছে এখন বিএনপি কি বলবে, শেষ পর্যন্ত তারা এই ভ্যাকসিন নেবেন নাকি নেবেন না, নাকি পাকিস্তান কখন ভ্যাকসিন আবিষ্কার করবে সেটার জন্য বসে আছেন -এটিই হচ্ছে বড় প্রশ্ন।
রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমাদের অর্জন ও বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা ও কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ড. হাছান বলেন, ‘অপপ্রচারকারীরা এরপর বললো যে, এই ভ্যাকসিন কাজ করবে না আর এই ভ্যাকসিন আগে সরকারের মন্ত্রী-আমলাদের নিতে হবে। এখন সরকারের মন্ত্রী-আমলারা আগে করোনা ভ্যাকসিন নিয়েছে ফলে তাদের মুখটা চুপসে গেছে। যদিও বা এমপি, মন্ত্রী ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আগে নিতে চায়নি, কিন্তু মানুষকে পথ দেখানোর জন্যই অনেকে নিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই।’
‘সবাই বিপুল উৎসাহে ভ্যাকসিন নেয়া শুরু করেছে এখন বিএনপি কি বলবে, শেষ পর্যন্ত তারা এই ভ্যাকসিন নেবেন নাকি নেবেন না, নাকি পাকিস্তান কখন ভ্যাকসিন আবিষ্কার করবে সেটার জন্য বসে আছেন -এটিই হচ্ছে বড় প্রশ্ন’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমি বিএনপি নেতাদের অনুরোধ জানাবো, এই ধরনের সমালোচনা বাদ দিয়ে আপনারা সরকার যে ভ্যাকসিনের বিষয়ে সাফল্য দেখিয়েছে দয়া করে তার প্রশংসা করুন।
প্রজন্ম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এড. মো: আসাদুজ্জামান মোল্লা দূর্জয়ের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান প্রধান আলোচক হিসেবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট বলরাম পোদ্দার বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন।
