ভারতীয় বংশোদ্ভূত প্রেমিকা ভিনি রমনের সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েল গাঁটছড়া বাঁধছেন ২৭শে মার্চ। এ কারণে পাকিস্তান সফরে যাচ্ছেন না তিনি। গত নভেম্বরেই ম্যাক্সওয়েল আশঙ্কা প্রকাশ করেন, সফরটি মিস করতে পারেন তিনি। তাদের বিয়েটা অবশ্য আরো আগে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে কয়েক দফা পিছিয়ে যায় শিডিউল।
২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ৪ঠা মার্চ টেস্ট দিয়ে শুরু হবে ঐতিহাসিক সিরিজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু ২৯শে মার্চ। ৫ই এপ্রিল টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর।
অন্যদিকে আইপিএল শুরুর তারিখ ২রা এপ্রিল। অর্থাৎ বিয়ের কারণে পাকিস্তান সিরিজ তো বটেই আইপিএলের শুরুর দিকেও অংশ নিতে পারবেন না ম্যাক্সওয়েল। আইপিএলের জন্য পাকিস্তান সফর মিস করতে পারেন ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, মার্কাস স্টয়নিস, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, ড্যানিয়েল স্যামস এবং ম্যাথু ওয়েডও।
সংবাদমাধ্যমকে ম্যাক্সওয়েল বলেন, ‘যখন আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলে বিয়ের দিনক্ষণ ঠিক করি, তখন দুই সপ্তাহের একটা গ্যাপ ছিল। আমি খুশি হয়েছিলাম যে কোনো সিরিজ মিস যাবে না আমার। কিন্তু এরপর গত বছরের মাঝপথে ক্রিকেট অস্ট্রেলিয়ার বৈঠকে তারা আমাকে জানায় বিয়ের সময়ে পাকিস্তান সিরিজ থাকবে।’
ম্যাক্সওয়েল-রমনের বিয়ের অনুষ্ঠান হবে ‘হিন্দু রীতি’ অনুসারে। তামিল ব্রাহ্মণ ঐতিহ্য মেনে সপ্তাহব্যাপী চলবে নানান আয়োজন। ইতিমধ্যেই তামিল ভাষায় তাদের বিয়ের কার্ড ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। অনলাইনে বিয়ের তারিখ ফাঁস হয়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন ম্যাক্সওয়েল।
