সন্ধান২৪.কম : সুশান্তের বাবা তার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনায় রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ হয়েছে । আপাতত বাইকুল্লা জেলেই থাকতে হবে । সেখানে ইন্দ্রাণী মুখার্জির পাশের কুঠুরিতে ঠাঁই হল সুশান্তের বান্ধবীর। প্রাণের ঝুঁকি রয়েছে, তাই একা কুঠুরিতেই থাকবেন তিনি।
মুম্বইয়ে একমাত্র এই বাইকুল্লা জেলেই মহিলাদের থাকার ব্যবস্থা রয়েছে। তাই রিয়াকে এখানেই রাখা হচ্ছে। এই জেলে সম্প্রতি কোভিড সংক্রমণ বেড়েছে। তাই কয়েদিদের হলুদ মেশানো দুধ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ।
মঙ্গলবার রিয়াকে গ্রেপ্তার করে এনসিবি। ১৪ দিনের হেপাজতে পাঠানো হয়েছে তাঁকে। আজ রিয়া এবং তাঁর ভাই শৌভিক সহ এই মামলায় ধৃত আরও চার জনের জামিন খারিজ করেছে আদালত।
অভিনেতা সুশান্তকে মাদক জোগানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি। তাই জেলের অন্য কয়েদিরা যে কোনও মুহূর্তে হামলা করতে পারে। এজন্য রিয়ার কুঠুরির বাইরে সর্বক্ষণ পাহারায় থাকবেন দু’জন কনস্টেবল। তিনটি শিফটে কাজ করবেন তাঁরা।
নিজের মেয়ে শিনা বোরাকে খুনের অভিযোগে জেলে রয়েছেন ইন্দ্রাণী। তাঁর পাশেই এবার থাকছেন রিয়া। তবে রিয়ার কুঠুরিতে খাট নেই। বালিশও দেওয়া হয়নি। একটি মাদুর দেওয়া হয়েছে। কুঠুরিতে পাখা পর্যন্ত নেই। আদালত নির্দেশ দিলে টেবিল ফ্যান দেওয়া হতে পারে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ।


