মৃতদের স্বজনদের আহাজারি - ছবি : সংগৃহীত
সন্ধান২৪. কম : ভারতের পাঞ্জাব প্রদেশে বিষাক্ত মদ পানে মৃত্যুর মিছিল চলছে। সরকারি হিসেবে রোববার বিষাক্ত মদ পান করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে। বেসরকারিভাবে মৃতের সংখ্যাটা আরো বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
শনিবার পুলিশ রাজ্যের শতাধিক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিষাক্ত মদ জব্দ ও ২৫ জনকে গ্রেপ্তার করেছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। ভারতের এ উত্তরের রাজ্যে গত কয়েকদিন ধরেই বিষাক্ত মদ পানে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছিলেন। ভারতে প্রতিবছরই চোলাই মদ খেয়ে কয়েকশ মৃত্যুর ঘটনা ঘটে। লকডাউনে মদের দোকান বন্ধ থাকায় দেশটির অন্ধ্র প্রদেশের একটি গ্রামে সম্প্রতি কোমল পানীয় ও পানি মেশানো হ্যান্ড স্যানিটাইজার খেয়েও ১০ জনের মৃত্যু হয়েছে।
ভারতের বিভিন্ন অংশে অবৈধভাবে বানানো মদের দাম সুপরিচিত ব্র্যান্ডের মদের তুলনায় কম হওয়ায় দুর্গম অঞ্চলে এর ব্যাপক চাহিদা রয়েছে। এসব চোলাই মদে প্রায়ই মিথানল মেশানো হয়। পাকস্থলিতে বিষাক্ত এ রাসায়নিকের সামান্য উপস্থিতি অন্ধত্ব, যকৃতের মারাত্মক ক্ষতি এমনকী মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে।
© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন