সন্ধান২৪.কম : আগামী ডিসেম্বর নাগাদ করোনাভাইরাসের টিকা অনুমোদন দেওয়ার আশা করছেন যুক্তরাষ্ট্র । রাশিয়া বিশ্বে প্রথম করোনাভাইরাসের টিকা অনুমোদনের ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার এ কথা বলেছেন।
পুতিনের ওই ঘোষণার পর মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে বক্তব্য রেখেছেন বলে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সব ধরনের প্রক্রিয়া মেনে’ নতুন টিকা তৈরি এবং তা ‘ভালো কাজ করে’ বলে দাবি করেছেন, যদিও এর কার্যকারিতা নিয়ে সন্দিহান পশ্চিমা বিশেষজ্ঞরা।
অ্যালেক্স আজার বলেছেন, “প্রথম হওয়াটাই বিষয় নয়। গুরুত্বপূর্ণ হল এমন একটি টিকা পাওয়া, যেটা আমেরিকার জনগণ ও বিশ্বের মানুষের জন্য নিরাপদ ও কার্যকর হবে।”
দুই মাসেরও কম সময় মানবদেহে পরীক্ষা চালিয়েই একটি কোভিড-১৯ টিকা অনুমোদন দিয়েছে রাশিয়া। এই টিকার একটি ডোজ নিজের এক মেয়েকেও দেওয়া হয়েছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী আজার বলেন, “আমাদের স্বচ্ছ তথ্য প্রয়োজন। তৃতীয় ধাপের পরীক্ষার তথ্য থাকতে হবে, যা টিকা নিরাপদ ও কার্যকর বলে প্রমাণ দেবে।”


