সন্ধান২৪.কম : ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী ও ডিজির অপসারণ, দূর্নীতিবাজদের গ্রেফতার ও বিচার এবং বিনামূল্যে করোনা চিকিৎসা নিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে কফিন মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল সহকারে শাহবাগে পৌঁছালে পুলিশ বাধা দিলে পরে সেখানেই সমাবেশ করে ছাত্র জোটের নেতা-কর্মীরা।
প্রগতিশীল ছাত্র জোট সমন্বয়ক রাশেদ শাহারিয়ার সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সালমান সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান নোবেল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়।
সমাবেশে প্রগতিশীল ছাত্র জোটের নেতৃবৃন্দ বলেন, সারাবিশ্ব আজ থমকে গিয়েছে মারণ ভাইরাস করোনার ভয়াল থাবার কারণে। প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে মৃত্যু বরণ করছে হাজার হাজার মানুষ। এই সংকটময় সময়ে দেশের চিকিৎসা ব্যবস্হার গাফিলতি, দূর্নীতি ও লুটপাট দিন দিন প্রকট আকার ধারণ করছে। চিকিৎসা জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছে মানুষ। চিকিৎসা না পেয়ে রাস্তায় মৃত্যুবরণ করছে।

নেতৃবৃন্দ বলেন, এই সংকটকালীন মূহূর্ত কে কাজে লাগিয়ে মুনাফালোভী ব্যবসায়ীরা অক্সিজেন ও ঔষধের মূল্য বাড়িয়ে দিয়েছেন। যা নিয়ন্ত্রণে সরকারি কোন হস্তক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। উল্টো আমরা দেখলাম করোনা মোকাবেলায় যারা সম্মুখ সারির যোদ্ধা তাদের জন্য পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী নিশ্চিত না করে দেশের বেসরকারি একটি প্রতিষ্ঠানের সুরক্ষা সামগ্রী রপ্তানিতে সহযোগীতা করেছে।
তারা বলেন, স্বাস্থ্য অধিদফতরের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে। যে যেভাবে পারছে স্বাস্থ্য খাতের বরাদ্দ লুটেপুটে খাওয়ার ধান্ধায় আছে। হাসপাতালের পরিচালক ও ডাক্তারদের দলবাজি, কমিশন বাণিজ্য এবং দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না সাধারণ মানুষ।
সরকারি হাসপাতাল গুলোতে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম-দুর্নীতি তদন্ত করে দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানান নেতৃবৃন্দ।


