সন্ধান২৪.কম ডেস্ক : ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বঢেকে তলব করল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। তার পরেই পবনকে ডেকে পাঠাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় ।
সোমবার দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর শীর্ষ আধিকারিকদের বৈঠকে বসার কথা রয়েছে। দু’দিন চলবে সেই বৈঠক। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা হিসাবে সেখানে যোগ দিতে গিয়েছিলেন জাহেদ। অভিযোগ, তাঁকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়। দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা আটকে ছিলেন তিনি। তার পর শহরে প্রবেশের প্রয়োজনীয় অনুমতি মেলে। তবে জাহেদ দিল্লিতে আর প্রবেশ করতে চাননি বলে খবর। তিনি শ্রীলঙ্কার কলম্বো হয়ে ঢাকায় ফিরে যান।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক কর্মকর্তার উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে, জাহেদ যে আইওআরএ-র বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, রবিবার সন্ধ্যায় যে তিনি আসবেন, শুক্রবারই তা কূটনৈতিক চিঠি দিয়ে সরকারি ভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়কে জানানো হয়েছিল। সেই সঙ্গে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা ফোনেও এ বিষয়ে কথা বলেছিলেন সংশ্লিষ্ট মন্ত্রকের আধিকারিকের সঙ্গে। তার পরেও কেন এই পরিস্থিতি তৈরি হল, স্পষ্ট নয়। ভারতের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
প্রথম আলোর প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশর পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা হয়েছে, তা প্রত্যাশিত নয়। ঘটনার বিস্তারিত খবর নিচ্ছে সংশ্লিষ্ট বিভাগ। আনন্দবাজার ডট কম ডেস্ক।
