প্রেমের টানে মার্কিন তরুণী গাজীপুরে

প্রেমের টানে সুদূর আমেরিকা থেকে ঈদের দিন গাজীপুরের শ্রীপুরে প্রেমিকের কাছে ছুটে এসেছেন এক মার্কিন তরুণী। ঈদের দিন রবিবার (১০ জুলাই) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলে প্রেমিক ইমরান হোসেন খান (৩০) তাকে রিসিভ করে গ্রামের বাড়ি শ্রীপুরের কুমারভিটা এলাকায় নিয়ে যান। ইমরানের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

ইমরান জানান, রবিবার ঈদুল আজহার দিন রাতে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে রিসিভ করে বাড়ি নিয়ে আসি। ইতোমধ্যে বাড়ির অন্যান্যদের সঙ্গে তার সখ্যতা গড়ে উঠছে। ভাষাগত জটিলতার কারণে সব কিছু এখনো বুঝে উঠতে পারে না। পরে আমি বুঝিয়ে দিলে সে বুঝে। আশপাশের প্রতিবেশীরা আমেরিকান তরুণী বউ দেখতে বাড়িতে ভিড় করছেন।

ওই তরুণী আমেরিকান অঙ্গরাজ্য এরিজোনার বাসিন্দা। তার নাম লায়ডা এ লোজা (২৯)। বিয়ের পরে নাম রাখা হয়েছে লায়ডা এ লোজা খান। লোজা আমেরিকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো। বর্তমানে সে বেকার।

বাংলাদেশের যুবক ইমরান গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কুমারভিটা এলাকার মৃত জালাল উদ্দিন মাস্টারের ছেলে। তিনি ইস্ট ওয়েস্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট।

স্বজনরা জানান, বেশ কিছু দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের পরিচয় হয়। এরপর তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। চলে তাদের যোগাযোগ। এর আগেও একবার দেশে আসতে গিয়ে বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতায় আসতে পারেনি। কোভিড জটিলতায় ইমিগ্রেশন বিভাগ তাকে আটকে দেয়। পরে সব সমস্যা আইনি জটিলতা সমাধান হলে রবিবার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেন। পরে ভোরে বাড়িতে আসেন তারা। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিদেশি নতুন বউকে দেখতে বাড়িতে ভিড় করছে। ভাষার কারণে কিছু বুঝানো যাচ্ছে না। কোনো কিছু জানতে চাইলে বর তার বউকে বুঝিয়ে দিচ্ছে।

ইমরান হোসেন খান বলেন, চলতি বছরের জানুয়ারির দিকে ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে আমার পরিচয় হয়। পরে সে পরিচয় প্রেমের সম্পর্কে গড়ায়। এরইমধ্যে একবার এ দেশে আসার চেষ্টা করলেও সমস্যা তৈরি হয়। সে সময় ইস্তাম্বুল আটকা পড়েছিল কোভিড জটিলতায়। পরে আমরা নেপালে দেখা করে সেখানে বিয়ে করি। সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।

লোজা জানায়, ‘তার শাশুড়ি আনোয়ারা বেগম অসুস্থ। তাই মাঝেমধ্যে আমেরিকা যাবেন এবং বেশিরভাগ সময় স্বামী ইমরানের বাড়িতেই থাকবেন। শাশুড়ি সুস্থ হলে ইমরানকে নিয়ে আমেরিকায় বসবাস করবেন।’

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এমন খবর আমাদের জানা নাই। আমরা খোঁজ নিয়ে পরে বিস্তারিত বলতে পারবো।’

Exit mobile version