সন্ধান২৪.কমঃ শুক্রবার গুলি করে খুন করা হল এক ফুটবলারকে। ফ্রান্সের শহর মার্সেইয়ের এলাকায় ওই ফুটবলারকে গুলি করা হয়েছে।
এক সপ্তাহ কেটে গিয়েছে কাতার বিশ্বকাপ ফাইনাল । হারের ঘোর এখনও কাটেনি ফ্রান্সের। এর মধ্যে প্রকাশ্যে এল মর্মান্তিক খবর। বড়দিনের ঠিক দু’দিন আগে, অর্থাৎ শুক্রবার গুলি করে খুন করা হল এক ফুটবলারকে। ফ্রান্সের শহর মার্সেইয়ের একটি এলাকায় ওই ফুটবলারকে গুলি করা হয়েছে। তাঁর নাম আদেল সান্তানা মেন্ডি। ২২ বছর বয়স তাঁর।

গত জুনেই ফ্রান্সের ঘরোয়া লিগের চতুর্থ ডিভিশনের ক্লাব ওবানিয়াতে যোগ দিয়েছিলেন আদেল। এর মধ্যেই তাঁকে খুন করা হল। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, সেটা এখনও জানায়নি পুলিশ। তারা তদন্ত শুরু করেছে। আদেলের ক্লাব ওবানিয়া সমাজমাধ্যমে একটি পোস্টে লিখেছে, “বিরাট একটা শূন্যস্থান তৈরি হল। আদেল বরাবর আমাদের একজনই থাকবে। ওর পরিবারকে সমবেদনা।”
মার্সেইয়ের যুব অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন আদেল। তার পরে ইংল্যান্ডের ক্লাব ইস্টবোর্ন এবং ল্যাংনেতে খেলেছেন। এ ছাড়া অ্যান্ডোরার বেশ কিছু ক্লাবে খেলেছেন তিনি। আদেল প্রয়াত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহল থেকে শোকবার্তা প্রকাশ করা হয়েছে। জন্ম ফ্রান্সে হলেও আদেলের বাবা-মা সেনেগালের। ফ্রান্সের ছোটখাটো ফুটবল ক্লাবেই এত দিন খেলতেন তিনি। স্বপ্ন ছিল বড় ক্লাবে খেলার।