সন্ধান২৪.কমঃ ফুটবলের সেরা পেনাল্টি লড়াইয়ে বুধবার (২৬ মে) রাতে পোল্যান্ডের গেদান্সকে ইউরোপা লিগ ফাইনালে টাইব্রেকারে ১১-১০ ব্যবধানে জেতে ভিয়ারিয়াল।

নির্ধারিত ও অতিরিক্ত সময়ে সমতার পর রোমাঞ্চকর টাইব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইতিহাস গড়ল ভিয়ারিয়াল। ইউরোপা লিগ জয়ের মধ্যদিয়ে স্পেনের ক্লাবটি নিজেদেরে ৯৮ বছরের ক্লাব ইতিহাসে এই প্রথম কোনো বড় শিরোপা জিতল।
প্রথমে লিড নেয় এদিন উনাই এমেরির দলই । ম্যাচের ২৯ মিনিটে জেরার্ত মোরেনো গোল করলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে সমতা ফেরান এডিসন কাভানি।

এরপর নির্ধারিত সময়ে ও অতিরিক্ত সময়েও কোনো দল গোল না পেলে পেনাল্টিতে গড়ায় ম্যাচ। দুই দলের এই পেনাল্টির লড়াইটিকে মহাকাব্যিক পেনাল্টিই বলা চলে। যেখানে একে একে দুই দলেরই ১০ জন করে খেলোয়াড় স্পট কিক নেন এবং সবাই গোল করেন।
১১ নম্বরে শটে গিয়ে আটকে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। তখন শুধু দুই দলের গোলরক্ষকই শট নেওয়া বাকি ছিল। স্নায়ুর চূড়ান্ত লড়াইয়ে ভিয়ারিয়াল গোলকিপার গেরোনিমো রুল্লি সফল হলেও ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া গোল করতে ব্যর্থ হন। গিয়ার শট রুখে দেন গেরোনিমো রুল্লিই। আর তাতেই ভিয়ারিয়াল মাতে ইতিহাস গড়ার আনন্দে।
এই টুর্নামেন্টে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলো ভিয়ারিয়াল। প্রথমবার বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেই শিরোপা উৎসব করল ৫০ হাজার মানুষের শহরের ক্লাবটি।
ভিয়ারিয়ালের পাশাপাশি ইতিহাস গড়লেন দলটির কোচ উনাই এমেরিও। প্রথম কোচ হিসেবে জিতলেন চারটি ইউরোপা লিগ শিরোপা। এর আগে ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে সেভিয়ার কোচ হিসেবে এর শিরোপা জিতেছিলেন তিনি।


