সন্ধান২৪.কম : মহানবী (স.) কে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া এক যুবককে তুলে দেওয়ার দাবিতে একদল মানুষ চট্টগ্রামের পটিয়ায় থানায় হামলার পাশাপাশি সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা করেছে।
সোমবার বিকেলে ওই ঘটনার পর অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একজন সেনা সদস্য এই হামলায় আঘাত পেয়েছেন। ভাঙচুর করা হয়েছে থানায় বিচার প্রার্থীদের অপেক্ষার জন্য নির্মিত গোলঘরটি ভাঙচুর করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী (স.) কে নিয়ে কটূক্তির অভিযোগে ওই যুবককে দুপুরে চট্টগ্রাম মহানগর থেকে গ্রেপ্তারের পর পটিয়া থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার হওয়া পার্থ বিশ্বাস পিন্টু পটিয়া উপজেলার শোভনদণ্ডি ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তার ফেইসবুক পাতা থেকে মহানবী (স.)কে কটূক্তি করে মন্তব্য প্রকাশ করা হয়েছে।
এ ঘটনায় পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কামরুল ইসলাম রোববার থানায় একটি মামলা করেন। এরপর পটিয়া থানা ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল চট্টগ্রাম মহানগরের বন্দর থানার উত্তর মাদারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় সাংবাদিকরা জানান, পিন্টুকে গ্রেপ্তার করে আনার খবর পেয়ে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী ও মুসল্লিরা থানার সামনে জড়ো হয়। তারা তাকে তাদের হাতে ছেড়ে দেওয়ার দাবি জানাতে থাকে।
পুলিশ রাজি না হওয়ায় তারা থানা প্রাঙ্গণে বিচার প্রার্থীদের অপেক্ষার জন্য নির্মিত গোলঘরটি ভাঙচুর করে। খবর পেয়ে সেনা সদস্যরাও থানায় আসে।


