ইনজুরি থেকে সেরে ওঠা তাসকিন আহমেদ ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন। আগামীকাল (শুক্রবার) ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দেবেন তিনি। ওইদিন শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ক্যারিবীয় সফরে তাসকিন অবশ্য ওয়ানডে ও টি ২০ সিরিজে খেলবেন।
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের সেরা এই ডান-হাতি পেসার সাদা বলের সিরিজে ফিরে দলকে জেতাতে চান। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাত ওভার বোলিং করে তাসকিন বলেন, ‘টিম ম্যানেজমেন্টের সবাই সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। সব ঠিক থাকলে পরশু (আগামীকাল) বিমানে উঠব।’ তিনি বলেন, ‘সুযোগ পেলে সেরাটা দিয়ে জয় উপহার দেওয়ার চেষ্টা করব। পেস বোলারদের ইনজুরি হবেই। আবার ফিরতেও হবে, এটাই চ্যালেঞ্জ। ফেরাতেও মজা আছে। আড়াই মাস পর জাতীয় দলের সঙ্গে যুক্ত হব, এটাই আনন্দের।’
তাসকিন বলেন, ‘দুদিন একশ শতাংশ দিয়ে সব ধরনের বোলিং করেছি। নির্বাচকরা ছিলেন। ফিজিও ছিলেন। তারাও সন্তুষ্ট।’ সাকিব বলেছেন, তাসকিন পেস বোলিং আক্রমণে পরিবর্তন এনেছেন। তার প্রশংসা পেয়ে দারুণ খুশি তাসকিন।
তিনি বলেন, ‘আসলে সব ফরম্যাটই আমার পছন্দের। সাদা বলে আমরা ভালো। আমাদের সামর্থ্য আছে ভালো করার। ওদের কন্ডিশনে ভালো করতে হলে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’ তিনি বলেন, ‘যদি কখনো দেখি পারছি না, তখন বলব। এখন আমি ফিট, খেলার সময় এখন।’ দুই নির্বাচক হাবিবুল বাশার ও আবদুর রাজ্জাক এ সময় উপস্থিত ছিলেন।
