সন্ধান২৪.কম: বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছরে ফ্লোরিডায় হয়ে গেলো মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উৎসব। আর এই উৎসবে প্রদর্শিত হয়েছে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অবলম্বণে নির্মিত প্রামাণ্যচিত্র ‘একটি দেশের জন্য গান’। পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং এই প্রামাণ্যচিত্রটির উপরে ক্যুইজে অংশ নেয় প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোররা।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এশিয়ান চিলিস রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান গ্রেস ম্যাং,একুশে পদক বিজয়ী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত এবং কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এর ভিডিওবার্তা দেখানো হয় বড় পর্দায়। তারা সবাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ৫০ বছরে প্রবাসীদের শুভেচ্ছা জানান।
এরপর লেখক ও সাংবাদিক শামীম আল আমিন নির্মিত প্রামাণ্যচিপ্রটি প্রদর্শন করা হয়। এতে কণ্ঠ দিয়েছেন খ্যাতিমান অভিনেতা, সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। অংশ নিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিয়ার লেভিন, কনসার্টে অংশ নেয়া ওস্তাদ আলী আকবর খাঁর বড় ছেলে ওস্তাদ আশীষ খাঁ এবং মুক্তিযুদ্ধের কয়েকজন প্রত্যক্ষদর্শীসহ অনেকে। অনুষ্ঠানটি আয়োজন করে এফবি টিভি এবং এফবিনিউজ টোয়েন্ট ফোর সেভেন ডট কম।
ফ্লোরিডায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ইকবাল আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। তিনি বিজয়ী সব শিশু কিশোরের হাতে সনদ তুলে দেন।
প্রামাণ্যচিত্রটির নির্মাতা শামীম আল আমিন বলেন, মুক্তিযুদ্ধে বিদেশী বন্ধুদের আমাদের পাশে এসে দাঁড়ানোর ঐতিহাসিক একটি উদ্যোগের নাম ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। বাংলাদেশের ইতিহাসে সবসময়ই যা উজ্জ্বল হয়েই থাকবে। পরবর্তী প্রজন্মের মধ্যে সেই ইতিহাস তুলে ধরার জন্যই এমন প্রচেষ্টা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফবি টিভির সিইও এবং এফবি নিউজের সম্পাদক টিটন মালিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবি নিউজের চেয়াম্যান নাঈম খান, সিইও আরশাদ আলী, এফবি টিভির পরিচালক আওলাদ হাওলাদার এবং নারী ফ্লোরিডার সভাপতি সোনিয়া মান্নান খানসহ অনেকে।