সন্ধান২৪.কমঃ করোনা ভাইরাসের কারণে কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ রয়েছে। তারাশুধু স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে পারছেন ।
ফলে বন্দিরা মানসিক পীড়নের মধ্যে দিন কাটছে । আর এ অবস্থায় কারা কর্তৃপক্ষ দেশের সব কেন্দ্রীয় ও জেলা কারাগারের বন্দিদের বিনোদনের জন্য টেলিভিশনের ব্যবস্থা করছে। এখন থেকে তারা প্রতিদিন দুই ঘণ্টা করে দেখতে পারবেন টেলিভিশন।

দেশের ৬৮টি কারাগারে বর্তমানে বন্দির সংখ্যা প্রায় ৮৬ হাজার। বন্দিরা সুশৃঙ্খল জীবনযাপন করলেও তাদের চিত্তবিনোদনের ব্যবস্থার অভাব রয়েছে। সাধারণত জাতীয় কিংবা ধর্মীয় উত্সব ছাড়া তাদের আর বিনোদনের খুব একটা সুযোগ নেই। জানা গেছে, গত ৬ জুন কারা অধিদপ্তর থেকে বন্দিদের চিত্তবিনোদনের অংশ হিসেবে টিভি সেট কেনার জন্য একটি নির্দেশনা পাঠানো হয়েছে।
বন্দিদের টিভি দেখার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মেনে চলবে কারা কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময় ছাড়া বন্দিরা টিভি দেখতে পারবেন না। দিনের বেলায় বন্দিদের বিভিন্ন রকম কাজ এবং কারা কর্তৃপক্ষের অফিসিয়াল কাজ থাকায় সে সময় বন্দিরা টিভি দেখতে পারবেন না। তবে সন্ধ্যার পর বন্দিদের তেমন কোনো কাজ থাকে না। সে সময় তারা টিভি দেখার সুযোগ পেতে পারেন। তবে এক্ষেত্রে টিভি দেখার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। প্রতি সন্ধ্যায় দুই ঘণ্টা করে টিভি দেখতে দেওয়া হতে পারে।