সন্ধান২৪.কম : পঞ্চগড়ের আইনজীবী হাবিবুর রহমানকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাবিবুর রহমানে আটোয়ারী উপজেলার ধামোড় ইউনিয়নের বারাগাও গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
জানা যায় , আইনজীবী হাবিবের কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন ওই স্কুলছাত্রীর বাবা। গত বৃহস্পতিবার ওই স্কুলছাত্রী আত্মীয়র বাড়ি বেড়াতে যায়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সেখানে যান হাবিব। হাবিব স্কুলছাত্রীকে জানান, তার বাবা তাকে সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে বলেছেন। তাকে ইজিবাইকে করে আটোয়ারী উপজেলা সদরের কালিকাপুর গ্রামের সুশীলের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন গিয়ে আপত্তিকর অবস্থায় হাবিবকে আটক করেন। পরে মেয়েটিকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে পুলিশ আইনজীবী হাবিবকে আটক করে থানায় নিয়ে যায়। পরে রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আইনজীবী হাবিবুর রহমান হাবিব ও তার দুই সহযোগীর বিরুদ্ধে আটোয়ারী থানায় মামলা করেন।
মেয়ের মা জানান, আইনজীবী হাবিব আমার স্বামীকে সুদের ওপর ১৫ হাজার টাকা দেন। সে শুবাদে তাকে আমি জানি। এভাবে সে আমাদের বাড়িতে বেশ কয়েকবার আসে। সেই সুযোগ নিয়ে আমার মেয়ের সর্বনাশ করেছে সে।


