সন্ধান২৪.কম : মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়াম সন্ধ্যায় ‘সি’ গ্রুপের ম্যাচে গতবারের রানার্সআপ রহমতগঞ্জকে ৩-০ গোলে হারায় শিরোপাধারী বসুন্ধরা কিংস।
৪৩ মিনিটে গোলের অপেক্ষা ফুরোয় বসুন্ধরা কিংসের।

ডান দিক থেকে ব্রাজিলিয়ান জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেসের ফ্রি কিকে লাফিয়ে হেডে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন অস্কার।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আরেকটি সুবর্ণ সুযোগ হারান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তিন মিনিট পর কিরণের ভুলে ব্যবধান দ্বিগুণ করে নেয় বসুন্ধরা কিংস। রহমতগঞ্জের এই ডিফেন্ডার পাস বাড়াতে গিয়ে বল তুলে দেন রবিনিয়োর পায়ে। ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত শটে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষকের মাথার উপর দিয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৬৪ মিনিটে আত্মঘাতী গোলে আরও কোণঠাসা হয়ে পড়ে রহমতগঞ্জ। বাইলাইন থেকে রবিনিয়োর ক্রসে ইমন বাবুর চিপ গোলরক্ষক লিটনের হাতে লাগার পর মিশরের ডিফেন্ডার আলাদিন নাসের হেডে নিজেদের জালে জড়িয়ে দেন।
এবারের ফেডারেশন কাপে আরও অংশ নিচ্ছে- আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড, আরামবাগ ক্রীড়া সংঘ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, পুলিশ ফুটবল ক্লাব এবং উত্তর বারিধারা ক্লাব।
গত ১৫ মার্চে স্থগিত হয়ে যায় ২০১৯-২০ মৌসুমের লীগ। এরপর মৌসুমই বাতিল করে দিয়েছিল ফুটবল ফেডারেশন।