সন্ধান২৪.কম : ২০১৯ বিশ্বকাপের পর তামিম-সাকিবদের মুখোমুখো হয়নি দক্ষিণ আফ্রিকা। সে ম্যাচে বাংলাদেশ জয় পেলেও পরিসংখ্যানে অনেক এগিয়ে প্রোটিয়ারা। হেড টু হেড ২১ ম্যাচে ১৭টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে বাংলাদেশের জয় ৪টিতে।
তবে এতে সন্তুষ্ট না থেকে টাইগারদের বিপক্ষে সিরিজ জয়ের আশায় মুখিয়ে আফ্রিকার সেরা দলটি।
অধিনায়ক টেম্বা বাভুমার অধীনে সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছে প্রোটিয়া দলটি। নিজেদের সবশেষ সিরিজে ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়ে বেশ চাঙা স্বাগতিকরা।
দলে আছেন কুইন্টন ডি কক ও জানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলারের মতো মারকুটে ব্যাটার আর বোলিংয়ে আছেন কাগিসো রাবাদা ও তাবরিজ শামসির মতো র্যাংকিং শীর্ষ বোলার।
এরপরও বাংলাদেশ দলকে খাটো করে দেখতে নারাজ প্রোটিয়া অধিনায়ক। যদিও তিনি মানেন, লাল-সবুজের দলে ভারতের মতো বিশ্বমানের ব্যাটার নেই, যারা একাই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার যোগ্যতা রাখেন।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বললেন,‘ওদের (বাংলাদেশ দল) হয়তো ভারতের মতো বড় নামের ক্রিকেটার নেই। তবে ওদের দলে ম্যাচ জেতানো ক্রিকেটার আছে। তাই আমরা ওদের খাটো করে দেখছি না। আমরা একটুও ছাড় দেব না। ওদের দলের অনেকেই দক্ষিণ আফ্রিকায় খেলেছে, অস্ট্রেলিয়ায় খেলেছে। বাংলাদেশ চ্যালেঞ্জের মুখে ফেলবে আমাদের। এখানকার কন্ডিশন কাজে লাগানোর জন্য ওদের পেস বোলার আছে। ওদের ব্যাটার আছে তারা শর্ট বল ভালো খেলে। আমরা ওদের হালকাভাবে নেব না। জানি ওদের হারাতে হলে আমাদের ভালো করতে হবে।’
ভারতের চেয়ে খাটো করে দেখলেও বাংলাদেশকে ছোট করেননি বলে জানালেন বাভুমা। বললেন, ‘বাংলাদেশকে ছোট না করেই বলছি, মানসিকতা ও ভালো করার চেষ্টার জায়গা থেকে আমরা যেন পিছিয়ে না থাকি, সেই চেষ্টা করতে হবে। আমরা যেন তাদের হালকাভাবে না নিই। প্রতিপক্ষ যে-ই হোক, যেন পারফরম্যান্স নিজেদের মানের সঙ্গে যায়।’


