সন্ধান২৪.কম : বাংলাদেশের ঢাকা শহরসহ বেশ কিছু শহরে ঈদের আগেই জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। সোমবারই এই বিষয়ে ঢাকা পুলিশ সদর দপ্তর থেকে কড়া সতর্কতা জারি করা হয়েছে। জেহাদিদের হামলা করার তালিকায় আছে বিমানবন্দর, নিরাপত্তারক্ষীরা, বিদেশি দূতাবাস ও ধর্মীয় স্থানসহ আরও কিছু গুরত্বপূুূর্ণ স্থান ইতিমধ্যে গুলশানের বিভিন্ন রাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শপিং মল, আবাসিক এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।
পল্লবী থানার ভিতরেই ঘটল বিস্ফোরণ
জঙ্গি তৎপরতার আশঙ্কাই যেন সত্যি হল! ঢাকার মিরপুরের পল্লবী থানার ভিতরেই ঘটল বিস্ফোরণ। আহত চার পুলিশকর্মী-সহ পাঁচজন। পুলিশের বাজেয়াপ্ত করা যন্ত্রাংশেই বিস্ফোরণ ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন সেকথাই জানান।
উপ কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, “মঙ্গলবার রাতে পল্লবী থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র, গুলি ও একটি ডিজিটাল ওজন করার মতো যন্ত্রাংশ উদ্ধার করা হয়। সেগুলো থানার ডিউটি অফিসারের রুমে রাখা হয়। থানায় আনার পরে ওই যন্ত্রাংশটিতে বিস্ফোরণ হয়।
গুলশান-২ নম্বর চত্বরে ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেল-সহ আশপাশের হোটেলগুলোর নিচে অতিরিক্ত পুলিশ দেখা গেছে। গুলশান নর্থ অ্যাভিনিউয়ের সামনে পুলিশের নিয়মিত চেকপোস্টেও অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখা গেছে। পুলিশ গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ এবং গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে। গুলশান বিভাগের উপ কমিশনার ড. সুদীপ কুমার চক্রবর্তী বলেন, “পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তার জেরে গুলশানের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে দূতাবাস, শপিং মলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সুত্র : সংবাদ প্রতিদিন


