বাংলাদেশে রেলপথ ও সড়ক দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি

সন্ধান২৪.কম:  ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনের ধাক্কায় ট্রাকচালকসহ ছয়জন নিহত হয়েছেন। এছাড়া ময়মনসিংহ, বগুড়া ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আরো চারজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

ফেনী: ঢাকা থেকে ছেড়ে আসা একটি মেইল ট্রেন গতকাল সকাল ৮টা ২০ মিনিটে ফেনীর মুহুরীগঞ্জ রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় একটি ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে ট্রাকটি রেললাইন থেকে ছিটকে পড়ে।

নিহতরা হচ্ছেন ট্রাকচালক মিজানুর রহমান (৩২)। তিনি বরিশালের উজিরপুর ইউনিয়নের কাউয়ারাহা গ্রামের আবুল হাওলাদারের ছেলে। ট্রেনের ইঞ্জিনের সামনে থাকা যাত্রী কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরপুর গ্রামের আবুল খায়ের (৪০) ও তার ছেলে আশিক (১৪), চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের রুহুল আমীনের ছেলে রিফাত (১৬), মো. ইয়াছিনের ছেলে সাজ্জাদ হোসেন (১৭) ও নূর আহাম্মদের ছেলে দ্বিন মোহাম্মদ (২২)।

স্থানীয়দের দাবি, ঘটনার সময় রেলক্রসিংয়ে গেটম্যান অনুপস্থিত ছিলেন। এ কারণে ট্রেন এলেও ক্রসিংয়ে প্রতিবন্ধক ছিল না।

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী সাইদুর রহমান (২৮) ও তার স্ত্রী সোনিয়া আক্তার (২২) নিহত হয়েছেন। ঈদের ছুটিতে তারা বাড়ি ফিরছিলেন। গতকাল সকালে উপজেলার সীমান্তবর্তী সড়কের লক্ষ্মীকুড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমানের গ্রামের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুর রহমান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাকরি করেন। ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফিরছিলেন। কুড়িগ্রামের রৌমারী যাওয়ার পথে বিদ্যুতের খুঁটিতে তাদের মোটরসাকেলের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই সাইদুর মারা যান। তার স্ত্রী সোনিয়া আক্তারকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় সাহেদা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাসনাপাড়া-সারিয়াকান্দি সড়কের পাশে এ ঘটনা ঘটে। নিহত সাহেদা উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের মৃত ঘেতু ফকিরের স্ত্রী।

ঝিনাইদহ: হরিণাকুণ্ডু উপজেলায় ট্রলিচাপায় পারভেজ হোসেন (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার কেষ্টপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পারভেজ হোসেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেষ্টপুর গ্রামের মো. বিপুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে চাচার সঙ্গে ট্রলি করে মাঠে যাচ্ছিল পারভেজ। পথে ট্রলি থেকে পড়ে নিচে চাপা পড়ে সে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

Exit mobile version