সন্ধান২৪.কম: সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়ানোর আাহ্বান জানিয়ে আজ ২ সেপ্টেম্বর নিউইয়র্কে এক সমাবেশ হয়েছে।
‘প্রবাসী বাংলাদেশী আমেরিকান‘ সংগঠনের ব্যানারে রাত আটটায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই সমাবেশে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার-নির্যাতন বন্ধ, রংপুরে এক পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার, সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি, আওয়ামী লীগের ওপর বিধিনিষেধ প্রত্যাহার ও সকল দলের অংশ গ্রহনে দেশের সকল নির্বাচনের দাবিতে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা প্রদীপরঞ্জন করের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মোহাম্মদ আলী সিদ্দিকী,শওকত আকবর রিচি ,নবেন্দু বিশ্বাস দত্ত, সাখাওয়াৎ বিশ্বাস, মঞ্জুর চৌধুরী, নুরুজ্জামান সর্দার, কিবরিয়া, আকতার হুসেন,সেলিনা আফরিন রিতা, ওয়াহাব জোয়াদ্দার, কোহিনুর বেগম,জামাল হোসেন,জাহাঙ্গীর হোসেন, জুয়েল আহম্মেদ, জেএসএফ’র সভাপতি আনোয়ার হোসেন লিটন প্রমূখ।
বক্তারা, রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানিয়ে বলেন, গণপতি চক্রবর্তী ও তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা কেমন সমাজে বাস করছি? আমরা কি একটি বর্বর জাতিতে পরিণত হচ্ছি?’
বিএনপির দু:শাসনে কথা তুলে ধরে বক্তরা বলেন, দেশে আজ গণতন্ত্র বিপন্ন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে দেয়া হয়েছে, গ্যাস ও বিদ্যুতের দুরাবস্থায় মানুষের নাভীশ্বাস উঠেছে, জেলে শত শত নিরপরাধ মানুষ ধুকে ধুকে জীবন কাটাচ্ছে। সমাবেশ থেকে জনতার উদ্দেশ্যে বলা হয়, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি দেশ পেয়েছি এবং স্বাধীনতা অর্জন করেছি।আমাদের চোখের সামনে এই স্বাধীনতাকে ধ্বংস হতে দিতে পারি না। তাই বাংলাদেশের গণতন্ত্র পুণ:উদ্ধারের জন্য সবাইকে আবার নতুন করে আর মুক্তিযুদ্ধ করতে হবে।
প্রসঙ্গত: ‘প্রবাসী বাংলাদেশী আমেরিকান‘ সংগঠনের ব্যানারে এই সমাবেশ আহ্বান করলেও দুই/একজন বাদে মূলত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতারাই উপস্থিত ছিলেন। সমাবেশে ইউনাইটেড ষ্টেট আওয়ামী লীগ পূর্বাঞ্চলের একটি ব্যানারও স্থান পায়।
