সন্ধান২৪.কম: আগামী দশ বছরের জন্য ছেলেদের ইভেন্টের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) । যেখানে ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে যৌথ আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশের নাম।

আজ এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, বাংলাদেশ ভারতের সঙ্গে মিলে আগামী ২০৩১ বিশ্বকাপের যৌথ আয়োজক হবে । এর আগে, ২০১১ সালের পর ২০ বছর বিরতি দিয়ে আবারও ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হওয়ার মর্যাদা পাচ্ছে বাংলাদেশ। ২০১১ সালে ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে যৌথ আয়োজক ছিল বাংলাদেশ।
বিবৃতিতে আরও জানা যায়, আনুষ্ঠানিকভাবে ৮টি নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে আইসিসি। এই ৮টি টুর্নামেন্ট আয়োজন করবে ১২টি ভিন্ন ভিন্ন দেশ। সেই সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিরেছে চ্যাম্পিয়নস ট্রফিও।
আইসিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। পরের বছর পাকিস্তানের মাটিতে বসবে চ্যাম্পিয়নস ট্রফির আসর।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত-শ্রীলঙ্কা। পরের বছর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ মিলিতভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পরের বছর চ্যাম্পিয়নস ট্রফির আসর বসবে ভারতে।
২০৩০ সালে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড মিলে আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছর বাংলাদেশ ও ভারত যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে।


