সন্ধান২৪.কম : আর্ত-মানবতার সেবায় প্রতিষ্ঠিত নিউ ইয়র্কের সমাজসেবা মূলক প্রতিষ্ঠান শাহ্ ফাউন্ডেশন ভারত ও বাংলাদেশে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

২১ সালের জানুয়ারী মাসের প্রথমদিনেই বাংলাদেশের রংপুর জেলার গড্ডিমারী ইউনিয়ন ও ভারতের আসাম রাজ্যে পাথরকান্দি অঞ্চলের কানাই বাজার গরীব মানুষের মাঝে এ বিতরণের আয়োজন করা হয়।
গড্ডিমারী ইউনিয়নের স্থানীয় গড্ডিমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের সংসদ সদস্য মো. মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ। সভাপতি ছিলেন গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক শ্যামল। এখানে প্রায়এক হাজার শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অন্যদিকে একই দিনে আসামের কানাই বাজারের বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওবাড়ি এলাকার জামিয়া ইসলামিয়া হানিফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কাজি নজরুল ইসলাম রাহমানি। বিশেষ অতিথি ছিলেন দেওবাড়ির সাবেক ওয়ার্ড কমিশনার মুস্তাফা উদ্দিন। এছাড়া শাহ্ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছেন সমাজকর্মী মারুফ আহমেদ।সেখানে হিন্দু-মুসলিম নির্বিশেষে শতাধিক আর্ত ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সঙ্গে স্থানীয় মাদ্রাসার ছাত্রদের মাঝে পোশাক বিতরণ করা হয়।
শাহ্ ফাইন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শাহ্ জে. চৌধুরী রূপসী বাংলাকে জানান, শাহ্ ফাউন্ডেশন দারিদ্র্য পীড়িত মানুষের সহযোগিতায় কাজ করতেই গড়ে উঠেছে। এবং শুরু থেকেই সাধ্য ও নিষ্ঠার সঙ্গে সে কাজ করেও আসছে। আগামীতেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সহযোগিতামূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে।
শাহ্ জে. চৌধুরী আরও বলেন, এই শীতে মানুষ অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আমরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে চেষ্টা করেছি তাদের পরিবারের সদস্য হিসেবে পাশে দাঁড়াতে।