সন্ধান২৪.কমঃ এবার টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগের দুই সিরিজের মতো জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইবে টাইগাররা। হারারে স্পোর্টস গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
বোলিংয়ে ৪ পেসার নিয়ে নামতে পারে বাংলাদেশ। ২য় ওয়ানডেতে ৪ উইকেট নেয়া শরিফুল ইসলাম ফিরতে পারেন টি-টোয়েন্টিতে। মুস্তাফিজ, তাসকিন ও সাইফুদ্দিন থাকছেন যথারীতি।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি এই সিরিজটির মাধ্যমে শুরু হচ্ছে । যদিও বিশ্বআসরের আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে শুরুটা হচ্ছে জিম্বাবুয়েতে।
অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের ইনজুরির কারণে এই সিরিজে খেলা হচ্ছে না । তিনি দেশে ফিরছেন। এই সিরিজে ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হচ্ছেন তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখ।
অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম পারিবারিক কারণে আগেই দেশে ফিরেছেন । তার অনুপস্থিতিতে মিডল অর্ডারের দায়িত্ব নিতে হবে সাকিব আল হাসান ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। আর শেষ ওয়ানডেতে দলে জায়গা পেয়ে ঝোড়ো ব্যাটিং করে দলকে ম্যাচ জেতানো নুরুল হাসান সোহানের একাদশে থাকা অনেকটাই নিশ্চিত। ৬ নম্বর পজিশনে ব্যাট করতে নামবেন তিনি। স্লগ ওভারে ঝড় তোলার দায়িত্বটা পড়বে সোহান আর আফিফের উপর।
অন্যদিকে, টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ব্যাকফুটে আছে স্বাগতিক জিম্বাবুয়ে। তবে দলটির ব্যাটসম্যানরা ভালো ফর্মে আছে। ওয়ানডে সিরিজে ২টি ফিফটি তুলে নিয়েছেন রেজিস চাকাভা। ওয়েসলি মাধভেরে আর ব্রেন্ডন টেইলরও আছেন ফর্মে। শেষ ম্যাচে মিডল অর্ডারে রায়ান বার্ল আর সিকান্দার রাজার ফিফটি দলটিকে আত্মবিশ্বাসী করে তুলছে।


