সন্ধান২৪.কম : বাংলাদেশ থেকে সব ধরণের ফ্লাইট নিষিদ্ধ করেছে ইটালি। আগামী এক সপ্তাহের জন্য এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তি পাওয়ায় বাংলাদেশ থেকে সব ফ্লাইট নিষিদ্ধ করেছে ইতালি। গত সোমবার ২২৫ জন যাত্রী ঢাকা থেকে ইতালি পৌঁছান এবং এদের মধ্যে পরীক্ষা করে ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়।
এর আগে গত সপ্তাহেই রোমের কাছে লাৎজিও অঞ্চলে ঢাকা থেকে আসা সব বাংলাদেশীদের করোনাভাইরাস টেস্ট করানোর জন্য স্পেশাল ডিক্রি জারি করা হয়েছিল।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও শেঙ্গেন অঞ্চলের বাইরে থাকা আসা ব্যক্তিদের জন্য নতুন সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে কাজ করবে দেশটির কর্তৃপক্ষ। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ইতালির সঙ্গে বাংলাদেশের নিয়মিত বিমান যোগাযোগ আগেই বন্ধ হয়ে আছে। তবে বাংলাদেশ থেকে বিশেষ বিমান সার্ভিসের মাধ্যমে ইতালি গেছেন বেশ কিছু ব্যক্তি।
বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার বিবিসি বাংলাকে বলেন, “আমরা এখনো ইতালির সিদ্ধান্তের বিষয়ে কিছু জানি না। তাই চার্টার্ড বিমানগুলোর শিডিউলে কোনো পরিবর্তন নেই। ইতালির সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে পেলে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো”।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতালিতে ১৪ হাজার ৭০৯ জন করোনাভাইরাস পজিটিভ ব্যক্তি এখন আছেন এবং এর মধ্যে লাৎজিওতে আছেন ৮৭০ জন। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ৪৫ হাজার বাংলাদেশী ইতালিতে বসবাস করছেন।দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীর সংখ্যা বেড়েছে। ইতালিতে থাকা বাংলাদেশী সাংবাদিক মোহাম্মদ ইউসুফ বিবিসি বাংলাকে জানিয়েছেন যে গত কয়েকদিনে মোট ৬০ জন বাংলাদেশী করোনাভাইরাস পজিটিভ চিহ্নিত হয়েছেন ইউরোপের এই দেশটিতে পৌঁছানোর পর।
