বাংলাদেশ সফরে আফগানিস্তানের প্রধান কোচ স্টুয়ার্ট ল

সন্ধান ২৪.কম:২০১১-২০১২ তে বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন তিনি। তার কোচিংয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলেছিল। সেই স্টুয়ার্ট ল বাংলাদেশ সফরে আফগানিস্তান দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন।

এই সাবেক অস্ট্রেলীয় ব্যাটার ল্যান্স ক্লুজনারের স্থলভিষিক্ত হলেন। ১৯৯৪ থেকে ১৯৯৯ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৫৪টি ওডিআইতে ১,২৩৭ রান করেন ল। এদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকা ক্রিকেটারদের করোনা পরীক্ষা হয়েছে শনিবার। আজ চট্টগ্রামে যাবে বাংলাদেশ দল।

ক্রিকেটাররা প্রবেশ করেছেন জৈব সুরক্ষাবলয়ে। চট্টগ্রামে দুদিন অনুশীলনের পর প্রথম ওয়ানডেতে মাঠে নামবেন তামিম ইকবালরা। সিলেট থেকে কাল ঢাকায় এসে বিকালে চট্টগ্রামে গেছে আফগানিস্তান দল।

আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসাবে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি হবে ম্যাচগুলো। এরপর ঢাকায় ৩ ও ৫ মার্চ দুটি টি ২০।

Exit mobile version