সন্ধান২৪.কম: আমেরিকার ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন অভিজ্ঞ ডেমোক্র্যাট নেতা ও তাঁর দীর্ঘ দিনের পরিচিত রন ক্লেনকেই হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসাবে বেছে নিলেন । বুধবার ক্লেনের নাম ঘোষণা করেছেন বাইডেন।
৫৯ বছর বয়সী ক্লেনের নিয়োগের ঘোষণা করতে গিয়ে ভাবী প্রেসিডেন্ট বাইডেন একটি বিবৃতিতে বলেছেন, ‘‘আমি যে ক’বছর ওঁর সঙ্গে কাজ করেছি সেই সময় রন আমার কাছে অমূল্য হয়ে উঠেছিল।’’ বিবৃতিতে ভাবী প্রেসিডেন্ট বাইডেন এও বলেছেন, ‘‘ওঁর (রন ক্লেন) বিভিন্ন ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা, গভীরতা আর সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে কাজ করার ব্যাপারে দক্ষতার জন্যই আমি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসাবে ওঁকে বেছে নিয়েছি। এই সময়ে ওঁকেই প্রয়োজন কারণ আমরা দেশটাকে একসূত্রে বাঁধতে চাইছি।’’
২০০৯ সালে বাইডেন ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হয়েছিলেন ক্লেন। সেই প্রথম কোনও ডেমোক্র্যাট হোয়াইট হাউসের ওই গুরুত্বপূর্ণ পদে বসেছিলেন।
বাইডেন যখন সেনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান ছিলেন তখনও তাঁর সঙ্গে কাজ করেছিলেন ক্লেন। পরে আল গোরের চিফ অব স্টাফ হিসাবেও কাজ করেন ক্লেন। বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন সেই সময় ২০১৪ সালে ইবোলা সংক্রমণের মোকাবিলায় হোয়াইট হাউসের কাজকর্মেরও তদারকির দায়িত্বে ছিলেন তিনি।


