লাহোরে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩৪৮ রানের পাহাড় গড়েও পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া।
ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রান তাড়ায় ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ৮৩ বলে ১১৪ রানের দুর্দান্ত ইনিংসটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি।
বাবরের এমন মারকুটে ইনিংস দেখে তার প্রশংসা করতে কাপর্ণ্য করেননি পরাজিত দলের অন্যতম সেরা তারকা মার্নাস লাবুশেন। বললেন, ‘এককথায় অবিশ্বাস্য ইনিংস। ওর ব্যাটিংয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। দুর্ভাগ্যজনকভাবে ইনিংসটা ছিল আমাদের বিপক্ষে।’
অথচ স্বদেশি কিংবদন্তি শহিদ আফ্রিদি এক রকম কটাক্ষই করলেন বাবরকে।
বর্তমান অধিনায়কের ৮৩ বলে ১১৪ রানকে ম্যাচ জেতানো ইনিংস মানতে নারাজ আফ্রিদি। তার মুখে প্রশংসা ঝরল খুশদিল শাহ, ইমাম উল হক ও শাহিন শাহ আফ্রিদির।
ম্যাচ শেষে এক টুইটে বুমবুম আফ্রিদি লেখেন, ‘অসাধারণ জয়। বাবর আজমের দারুণ শুরু। তবে শেষ দিকে ছন্দ হারিয়ে ফেলে। তাকে ম্যাচ উইনার হিসেবে দেখার অপেক্ষায় আছি। যাই হোক খুশদিল শাহ, ইমাম উল হক, শাহিন আফ্রিদিদের দারুণ পারফরম্যান্স। তোমরা আমাদের গর্বিত করেছো। ধরে রাখো।’
পাকিস্তানের বর্তমান অধিনায়ককে নিয়ে স্বদেশি সাবেক অধিনায়কের এমন টুইট পছন্দ হয়নি অনেক পাকিস্তানি ক্রিকেট ভক্তদের।
টুইটারে আফ্রিদির ওপর ক্ষোভ ঝেরেছেন পাকিস্তানের নেটিজেনদের একাংশ।
এর প্রতিক্রিয়ায় আহমেদ নামের এক পাকিস্তানি আফ্রিদির কাছে প্রশ্ন ছুড়েছেন, ‘বাবর তার খেলা শেষ ১৯ বলে ২৩ রান নিয়েছে। তাই আফ্রিদির কথা হয়তো কিছুটা সত্য। কিন্তু বাবরকে ম্যাচ উইনার হিসেবে দেখার অপেক্ষায় থাকার কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি ম্যাচ উইনিং ইনিংস না হলে কোনটি?’
