সন্ধান২৪.কমঃ দুর্বৃত্তের গুলিতে আহত বাবার সঙ্গে যুক্তরাজ্য থেকে পাকিস্তানে দেখা করতে এসেছেন ইমরান খানের দুই ছেলে। লাহোরে এসে তারা সরাসরি জামান পার্কে যান। সেখানেই দেখা করেন তাদের বাবার সঙ্গে।
ইমরান খানের এই দুই সন্তান সুলায়মান ঈসা খান ও কাসিম খান তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের ঘরের।
গণমাধ্যম টুইটারে জেমিমা এক ক্ষুদে বার্তায় বলেন, “খবর পেয়ে আমি খুব ভয় পেয়েছিলাম। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তিনি ঠিক আছেন। পাশাপাশি তাকেও ধন্যবাদ যে বীর পুরুষ এতো ভীড়ের মধ্যেও ইমরানকে বন্দুকধারীদের হাত থেকে রক্ষা করেছেন।”
এর আগে আগাম নির্বাচনের দাবিতে ইমরান খানের লংমার্চ চলাকালে পাঞ্জাবের ওয়াজিরাবাদের সমাবেশে হামলা করা হয়। এতে একজন দলীয় কর্মী নিহত হন এবং আহত হন ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর কয়েকজন নেতা।
গুলিবিদ্ধ ইমরান খানকে লাহোরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর রোববার তিনি ছাড়া পান। ইমরান তার ওপর এই হামলার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউলাøাহ এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআই-এর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ফয়সালকে দায়ী করেন। পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থা এখন স্থিতিশীল। তার উপর কিছুদিন আগেই হামলা হয়েছিল।


