বারান্দা থেকে ‘লাফিয়ে পড়ে’ সাবেক এমপিপুত্রের আত্মহত্যা!

সন্ধান২৪.কম : একটি ভবনের নয় তলা থেকে নিচে পড়ে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলামের ছেলে ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খানের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি হলেন, আসিফ ইমতিয়াজ খান জিসাদ (৩৩) গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর কাঁঠালবাগান এলাকার  ফ্রি স্কুল স্ট্রিটের ১৬৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পারিবারিক বিরোধের জের ধরে তিনি নিজেই নয় তলা থেকে ‘লাফিয়ে পড়ে’ আত্মহত্যা করেছেন। তবে ছেলেকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন এমপি শহিদুল। 

আসিফের শ্যালক সাইমন শাহিদ নিশাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার বছর আগে তার বড় বোন সাবরিনা শাহিদ নিশিতাকে প্রেমের সম্পর্কে বিয়ে করেন আসিফ। তবে এ বিয়ে মেনে নেয়নি আসিফের পরিবার। আসিফ মাদকাসক্ত ছিলেন দাবি করে তিনি বলেন, এ কারণে আসিফ চার মাস রিহ্যাবেও ছিলেন। গত রাতে বাইরে থেকে মদ পান করে সে বাসায় এসেছিল। শেষ রাতে নয়তলা থেকে লাফিয়ে পড়ে অসিফ আত্মহত্যা করেন বলে তিনি দাবি করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত আসিফ কাঁঠালবাগান শ্বশুরবাড়িতেই থাকতেন। তাদের কোনো সন্তান নেই। আসিফ ও সাবরিনার সঙ্গে মাঝে মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হতো। গতরাতে আবারও স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে আসিফ নয় তলার বারান্দা থেকে রেলিংয়ের ওপর দিয়ে লাফিয়ে নিচে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় আসিফকে উদ্ধার করে প্রথমে স্কয়ার হাসপাতালে পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

 

Exit mobile version