সন্ধান২৪.কমঃ বৃহস্পতিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে সরকারের কাছ থেকে ‘গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য’ ব্যাখ্যা দাবি করেছে বিএনপি।

বিবৃতিতে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি আল জাজিরা ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা বাংলাদেশের আপামর জনগণকে বিব্রত ও উৎকণ্ঠিত করেছে। জনগণের ওই অনুভূতির সাথে বিএনপিও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।
এ বিবৃতিতে আরও বলা হয়, জনগণের কাছে সুনির্দিষ্টভাবে প্রতিটি অভিযোগের প্রকৃত ব্যাখ্যা দেওয়ার বদলে সরকার তার প্রতিবাদ বিবৃতিতে কেবল রাজনৈতিক বক্তব্যের আড়ালে তা নাকচ করার চেষ্টা করেছে, যা জনগণকে আরো বেশি উদ্বিগ্ন করেছে ও প্রচারিত অভিযোগ সম্পর্কে তাদের উৎকণ্ঠাকে আরো আরো ঘনীভূত করেছে।
বিএনপির বিবৃতিতে বলা হয়, এ দেশের মানুষের সাথে বিএনপিও ওই প্রতিবেদনে উল্লিখিত প্রতিটি বিষয় সম্পর্কে সরকারের নিকট থেকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পাওয়ার জন্য অপেক্ষা করছে।