সর্বশেষ ডিপিএলে রানের বন্যা বইয়ে দিয়ে লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন আনামুল হক বিজয়। শুরুতে টেস্ট দলে না থাকলেও আচমকাই সাদা পোশাকের একাদশেও ঢুকে পড়েন।
সেইন্ট লুসিয়ায় মাঠে নেমে খেলেন ২৩ ও ৪ রানের দুটি ইনিংস। এরমধ্যে প্রথম ইনিংসে ২৩ রান করার পথে দারুণ ছন্দে ছিলেন এই ব্যাটসম্যান। ৫ চার হাঁকিয়ে বড় কিছুর সম্ভাবনা জাগালেও ব্যর্থ হোন তিনি। একই দশা প্রথম টি-টোয়েন্টিতেও।
দীর্ঘ ৬৮ মাস ও ৭৯ টি-টোয়েন্টির পর শর্টার ফরম্যাটের দলে সুযোগ পান বিজয়। আর নেমেই ১০ বলে করেন ১৬ রান। এরমধ্যে ছিল ৩টি চারের মার। খেলার শুরু থেকে বিজয়ের ইন্টেন্ট ছিল দেখার মতো। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হোন এদিনও।
রান করতে মুখিয়ে থাকা এই ব্যাটসম্যানের পক্ষে আছেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। তবে এই ব্যাটসম্যানের কাছে বড় রানের ইনিংস চাচ্ছেন টাইগার এই কোচ।
প্রথম টি-টোয়েন্টি শেষে বিজয়কে নিয়ে রাসেল ডমিঙ্গো বলেন, ‘সে টেস্ট ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই খেলেছে। বেশ পরিশ্রম করেই ফিরেছে। তার উপস্থিতি ভালো লাগছে। রান করতে মুখিয়ে আছে। ফিল্ডার হিসেবেও দারুণ। এটা খুব গুরুত্বপূর্ণ। নিজের নামের পাশে দারুণ ফর্ম ও অভিজ্ঞতা নিয়ে সে আবার ফিরেছে। শক্তিশালী দলে এমন কাউকে প্রয়োজন। তবে তাকে রান করতে হবে। শুরু পেয়েছে বেশ কিছু ইনিংসে। সেগুলোকে বড় করতে হবে।’


