বিজয় উৎসবের প্রস্তুতি নিচ্ছে বাইডেনের প্রচার শিবির

সন্ধান২৪. কম: ভোট গণনা শেষ না হওয়ায় সেই ঘোষণা পেতে অপেক্ষা করতে হবে আরও; তবে উইলমিংটনে বাইডেনের বাড়ির কাছে ওয়েস্টিন হোটেলের বাইরে এরই মধ্যে সমর্থকদের উৎসব প্রস্তুতি শুরু হয়ে গেছে।

শুক্রবার বাইডেনের সমর্থকদের দিন শুরু হয়েছিল কিছু গুরুত্বপূর্ণ রাজ্যের ভোটের ফলের ভাবনা নিয়ে। দিন যত এগিয়েছে, এসব ভাবনা-চিন্তা রূপান্তরিত হয়েছে আনন্দ-উৎসবে। বাইডেন সমর্থকেরা এখন অপেক্ষা করছেন নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা নিয়ে। ২০ ইলেকটোরাল ভোটের রাজ্য পেনসিলভেনিয়াতে জয় নিশ্চিত হলেই নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের নাম ঘোষিত হবে।

সিকিউরিটি ব্যারিয়ার আর বাইডেন-হ্যারিস লেখা ক্যাম্পেইন সাইন বসিয়ে ইতোমধ্যে একটি জায়গা ঘিরে ফেলা হয়েছে, সেখানেই স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ভাষণ দেওয়া কথা রয়েছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। পার্কিং লটের বাইরে বহু মানুষ খবরের আশায় অপেক্ষা করছে। ইতোমধ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তার আয়োজন।

পতাকাসজ্জিত একটি মঞ্চ প্রস্তুত হয়ে আছে সেই মঙ্গলবার ভোটের দিন থেকে। এরপর বুধবার গেল, বৃহস্পতিবার গেল, সেই মঞ্চ এখনও চূড়ান্ত লগ্নের অপেক্ষায়। ‘হবু প্রেসিডেন্টকে’ সমর্থন জানাবেন বলে মেকানিকসবার্গ থেকে ছেলেকে নিয়ে উইলমিংটনে এসেছেন ৪০ বছর বয়সী টমাস কুনিস। গত রাত তাদের গাড়িতেই কেটেছে।

শুক্রবার দুই রাজ্যের ভোটের ফল বাইডেনকে চূড়ান্ত বিজয়ের অনেক কাছাকাছি পৌঁছে যাওয়ার আভাস দিলেও ট্রাম্পের প্রচারশিবিরের একজন আইনজীবী এখনই পরাজয় মেনে না নেওয়ার ইংগিত দিয়েছেন। তিনি বলেছেন, তাদের নির্বাচন এখনও শেষ হয়ে যায়নি।

অন্যদিকে বাইডেনের প্রচার শিবিরের একজন মুখপাত্র বলেছেন, প্রার্থীরা নয়, ভোটাররাই ঠিক করবে, ভোটের ফল কী হবে।

Exit mobile version