সন্ধান২৪.কমঃ তিন জনেই খেলেন একই ক্লাবে । লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং নেমার । বছর শেষেই রয়েছে তাঁদের ক্লাবের ম্যাচ।

ফুটবল বিশ্বকাপ রবিবার শেষ হয়েছে । মাঝে সামান্য কয়েক দিনের বিরতি। তার পরেই ফুটবলারদের নেমে পড়তে হবে ক্লাবের হয়ে খেলতে। এ বারই প্রথম ভরা ক্লাব মরসুমের মাঝে হয়েছে বিশ্বকাপ। ফলে সেই সময়ে বিভিন্ন দেশে ক্লাব ফুটবল বন্ধ থেকেছে। বিশ্বকাপের পরেই কম সময়ে অনেক বেশি ম্যাচ খেলতে হবে ফুটবলারদের।
বিশ্বকাপ জেতায় স্বাভাবিক ভাবেই সবচেয়ে বেশি নজর থাকবে লিয়োনেল মেসির দিকে। তিনি খেলেন প্যারিস সঁ জরমঁ-য়। ফরাসি লিগে পিএসজি-র প্রথম ম্যাচ আগামী ২৮ ডিসেম্বর রাত ১.৩০ থেকে। প্রতিপক্ষ স্ত্রাসবুর্গ। বিশ্বকাপ জিতে আপাতত দেশে ফিরবেন মেসি। সেখান থেকে পিএসজি-র শিবিরে যোগ দেবেন। বিশ্বকাপ ফাইনালের ১০ দিন পরেই আবার ক্লাবের হয়ে তিনি নামতে রাজি হবেন কিনা, সেটা অবশ্য বলা যাচ্ছে না। হয়তো সেই ম্যাচে তাঁকে ছুটি দিতে পারে ক্লাব। তবে এখনও সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
একই জিনিস প্রযোজ্য কিলিয়ান এমবাপে এবং নেমারের ক্ষেত্রেও। মেসির মতো এই দুই ফুটবলারও খেলেন পিএসজি-তে। এমবাপে ফাইনাল খেললেও নেমার খেলেননি। বছর শেষের এই ম্যাচে নামতে হলে এমবাপেকেও ফাইনালে হারের হতাশা কাটিয়ে ১০ দিনের মধ্যে মাঠে ফিরতে হবে। মেসির মতো তাঁকেও ছুটি দিতে পারে পিএসজি। বাড়তি ছুটি পেতে পারেন আশরফ হাকিমিও। তাঁর দল মরক্কো তৃতীয় স্থানের ম্যাচ খেলেছে।
সে ক্ষেত্রে নেমারকে হয়তো নামতে হবেই। তাঁর দল ব্রাজিল কোয়ার্টার ফাইনালেই ছিটকে গিয়েছে। সেই ম্যাচ ছিল ৯ ডিসেম্বর। অর্থাৎ স্ত্রাসবুর্গের বিরুদ্ধে নামার আগে ২০ দিন সময় থাকছে নেমারের হাতে। এখন তিনি ব্রাজিলে ফিরে গিয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে পিএসজি শিবিরে যোগ দেওয়ার কথা। মেসি-এমবাপের অনুপস্থিতিতে তাঁকে সেই ম্যাচে চাইবে ক্লাব।