বিশ্বব্যাংকের সামনে যুক্তরাষ্ট্র আ.লীগের আনন্দ সমাবেশ বাতিল

পদ্মা সেতু উদ্বোধনের দিনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামীগ যে আনন্দ সমাবেশের ডাক দিয়েছিল তা বাতিল করা হয়েছে। আগামী ২৪ জুন বিকাল ৩টায় এ আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হবার কথা ছিল।

বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ধরনের সমাবেশ করা একেবারেই দৃষ্টিকটু। উক্ত সমাবেশের কর্মসূচি ঘোষণার পর বিভিন্ন মহল থেকে নানা ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেওয়ায় তা বাতিল করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, আগামী ২৫ জুন সকাল ১০টায় (বাংলাদেশ সময়) প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের ঐতিহাসিক পদ্মা সেতুর উদ্বোধন করবেন।

এ অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির আহবানে তিনি আগামী ২১ জুন বাংলাদেশ সফর করবেন। তাই দলের অন্যান্য নেতাকর্মীরা বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য উক্ত কর্মসূচির পরিবর্তে নিউইয়র্কেই আনন্দ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করবেন।

যুক্তরাষ্ট্র আওয়ামীগের এসব আনন্দ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, সব অঙ্গসংগঠন ও আওয়ামী লীগ সমর্থিত প্রবাসীদের উপস্থিত থেকে সমাবেশকে সফল ও সার্থক করার আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা।

Exit mobile version