সন্ধান ২৪.কম:নিউজিল্যান্ডের কন্ডিশন বিশ্বের যে কোনো ক্রিকেট দলের জন্য কঠিন। নয়নাভিরাম অপার সুন্দর এই দেশের উইকেট ব্যাটারদের কাছে ভয়ঙ্কর। এখানে জোর বাতাস ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াও চ্যালেঞ্জের। এর আগে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ এসেছে বাংলাদেশের মেয়েদের। এমন পরিবেশে ময়দানে লড়াই করেই বিশ্ব মঞ্চে নিজেদের তুলে ধরতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। হ্যাঁ, এমন আত্মবিশ্বাসের কথাই শুনিয়েছেন টাইগ্রেসদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার মতে দারুণ সুযোগ নিজেদের প্রমাণ করে এগিয়ে যাওয়ার।
নারী ওয়ানডে বিশ্বকাপ আসর সামনে রেখে নিগার সুলতানা বলেন, ‘টিম বাংলাদেশের জন্য বড় সুযোগ এটি। আমাদের প্রথম (ওয়ানডে) বিশ্বকাপ। এই মঞ্চেই দেখাতে চাই যে আমরা উন্নতি করছি ও বিশ্ব ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। গোটা বিশ্বকে আমাদের উন্নতি ও অগ্রগতি দেখানোর বড় সুযোগ এটি। এত বছর ধরে আমরা একসঙ্গে খেলছি। আমরা যে লড়াই করতে পারি এবং জিততেও পারি, এটা দেখানোর বিশাল সুযোগ এবার।’ তবে যতই সুযোগ হোক নিউজিল্যান্ডের কন্ডিশন যে চ্যালেঞ্জ হয়ে নিগারদের সামনে আসবে তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য এটি অনেক কঠিন পরীক্ষা। আগে কখনোই নিউজিল্যান্ড সফরে যায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের মতো শীর্ষ দলের সঙ্গে ওয়ানডে খেলার সুযোগ হয়নি আগে কখনোই। বাস্তবতা তাই বড় কঠিন। এরপরও নিগার সুলতানা আত্মবিশ্বাসী। টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘নিজেদের শতভাগ দিয়ে চেষ্টা করবো। আমরা এখানে নিজেদের সেরাটা দিতে চাই এবং তরুণ ক্রিকেটারদের উৎসাহ জোগাতে চাই, যারা আমাদের ভালো পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছে।’ বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনেকেই ১০-১২ বছর ধরে একসঙ্গে খেলছেন। পারফর্মও করেছেন নানা সময়ে। নিয়মিত খেলছেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। কিন্তু বিশ্ব আঙিনায় নজর কাড়ার মতো বড় কিছু করা হয়নি। এবার তারা বড় মঞ্চ মাতাতে অপেক্ষায়। নারীদের ক্রিকেটে বাংলাদেশ এশিয়ার চ্যাম্পিয়ন। সবশেষ ৫ ওয়ানডে ম্যাচের সবকটিতেই জয় দেখেছে বাংলাদেশ নারী দল। কিন্তু ক্রিকেট বিশ্বকে কতটা নাড়া তারা দিতে পেরেছে, সেই সংশয় আছেই। ওয়ানডে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে মলিন হার দেখেছে জ্যোতির দল। এবার তাই মেয়েদের ক্রিকেটের সবচেয়ে অভিজাত মঞ্চে নিজেদের উন্নতির প্রমাণ রাখতে চান নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ অধিনায়কের মতে, এটি তাদের জন্য অনেক বড় সুযোগ। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ হয়ে আসছে ছেলেদের বিশ্বকাপের আগে থেকে। এটি টুর্নামেন্টের দ্বাদশ আসর। তবে বাংলাদেশের অভিষেক হচ্ছে এবারই। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে থেকেই অধিনায়ক নিগার বলছেন, নিজেদের সামর্থ্য দেখানোর বিশাল সুযোগ এবার। নিউজিল্যান্ডে যাওয়ার পরও আইসিসির বিভিন্ন আয়োজনে তিনি বলেছেন, সুযোগটি কাজে লাগাতে মুখিয়ে আছেন তারা। টাইগ্রেস অধিনায়কের মতে, বিশ্বকাপের মতো জায়গায় তারা ভালো কিছু করতে পারলে বাংলাদেশের নতুন প্রজন্মের মেয়েরা ক্রিকেটে আরও অনেক আগ্রহী হবে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বুধবার তারা প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তানের সঙ্গে। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হেরেছে বড় ব্যবধানে। তবে হাল ছাড়েননি অধিনায়ক নিগার। রণ পরিকল্পনাও সাজিয়েছেন। একটি একটি করে ম্যাচকে তিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। নিগার বলেন, ‘আমরা অনেক প্র্যাক্টিস ম্যাচ খেলেছি বাংলাদেশে। নিজেদের মধ্যে খেলার অভিজ্ঞতাটাও অনেকদিনের। আমার মনে হয় এটা ম্যাচে ব্যবহার করতে পারবো। আমরা ম্যাচ বাই ম্যাচ, স্টেপ বাই স্টেপ খেলতে চাই। প্রতিটা দলের ক্ষেত্রে আলাদা পরিকল্পনা করবো, আমাদের নিজের শক্তির জায়গা অনুযায়ী খেলবো। আমি জানি না ফলটা কী হবে, কিন্তু আমরা নিজেদের সেরাটা দিতে চাই। এবং তরুণ ক্রিকেটারদের উৎসাহ জোগাতে চাই, যারা আমাদের ভালো পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছে।


