সন্ধান২৪.কমঃ ঠিকঠাক মত দল খেলতে না পারায় রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে জিনেদিন জিদানের বরখাস্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে বলে মনে করেন সমর্থকরা। স্পেনিশ সুপার কাপে অ্যাটলেটিক ক্লাব বিলবাওয়ের কাছে রিয়াল মাদ্রিদ হেরে বিদায় নেয়ার পর স্পেনিশ পত্রিকা মার্কার এক জরিপে এমন পরিসংখ্যানই পাওয়া গেছে।
তবে এখন পর্যন্ত বেশীরভাগ সমর্থক মনে করেন দলে থাকা খেলোয়াড়দের বেশ ভালভাবেই ব্যবহার করছেন তিনি। দলের ব্যর্থতার জন্য জিদানকে এককভাবে দায়ী করছেন না তারা। স্পেনিশ সুপার কাপ থেকে দলের বিদায় নেয়ার জন্য ৩০ শতাংশ সমর্থক দায়ী করেছেন দলের খেলোয়াড়দের পারফরমেন্সকেই। সঠিকভাবে খেলোয়াড়দের ব্যবহার করতে না পারায় কোচকে দায়ী করেছেন ২৮ শতাংশ সমর্থক। তবে কোচ হিসেবে জিদানের উপর এখন আস্থা আছে ৫৩ শতাংশ সমর্থকের। দলে থাকা খেলোয়াড়দের জিদান ঠিকভাবে ব্যবহার করছেন না বলেও মনে করেন ৪০ শতাংশ সমর্থক। বিশেষ করে মার্র্টিন ওডেগার্ডকে সুযোগ না দেয়াটা তারা ভালভাবে দেখছেন না। তবে জিদানের জন্য চিন্তার কারণ হলো ৭২ শতাংশ সমর্থক মনে করেন রিয়ালে জিদানের সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। চুক্তি নবায়ন নিয়ে সার্জিও র্যামোসের সাথে কোন সমঝোতা না হওয়াটা দলের পারফরমেন্সে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মনে করেন বিপুল সংখ্যক সমর্থক। হ্যাজার্ডের কাছ থেকে আর তেমন কিছু পাওয়ার আশা নেই বলেও মনে করেন বেশ কিছু সমর্থক। ২৩ শতাংশ সমর্থক মনে করেন হ্যাজার্ডের উপর আস্থা রাখায় দলের পারফরমেন্সে নেতি বাচক প্রভাব পড়ছে।
