সন্ধান২৪.কমঃ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে করোনা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে উদযাপন করা হলো পবিত্র ঈদুল ফিতর। মোনাজাতে সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ জানায় হাজার হাজার হাত। মুনাজাতে বিশ্ব শান্তি কামনা ও করোনাভাইরাস থেকে বাঁচাতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়।

বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঈদের জামাতগুলোতে বাংলাদেশি কমিউনিটি নেতা এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরাও অংশ নেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি পরিচালিত মসজিদ, মসজিদ সংলগ্ন মাঠ, পার্কের মাঠে ও গির্জার মিনলায়তনে ঈদের জামাতে অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। যেসব এলাকায় মসজিদ নেই সেসব এলাকায় দীর্ঘদিন ধরে গির্জার মিনলায়তনেই জুমা ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।
যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশিদের পরিচালনাধীন দুই শতাধিক মসজিদ এবং মাঠে ঈদ জামাতগুলো শুরু হয় সকাল ৭টা থেকে। এ ছাড়া অন্যান্য দেশের নাগরিকদের পরিচালনাধীন মসজিদেও পালা করে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টা পর্যন্ত। ঈদ জামাতের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করে। নিউ ইয়র্কের বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে। সেখানে সকাল থেকে বেশ কয়েকটি ঈদ জামাত অনুষ্ঠিত হয় মুসলিম সেন্টারসংলগ্ন স্কুল মাঠে। এ ছাড়া জ্যামাইকার অন্য মসজিদ, জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, ব্রুকলিন, ওজন পার্ক, এস্টোরিয়া, ম্যানহাটনসহ প্রায় সব এলাকার মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধুষ্যিত নিউ ইয়র্কের অন্যান্য শহর, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকি’র বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টার ও দেড় শতাধিক খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মুসল্লিদের অনেকেই ফাঁকা ফাঁকা হয়ে স্বাস্থ্যবিধি মেনে দাঁড়াতে দেখা গেলেও , নিউইর্য়কের কয়েকটিস্থানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অভিযোগ পাওয়া যায়। তবে মসজিদের প্রবেশ করা সবার মুখেই মাস্ক ছিল।