সন্ধান২৪.কম : ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের একতলা বিল্ডিংসহ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে ৩৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার এই উচ্ছেদের মাধ্যমে হাজী সেলিমের দখলে থাকা বুড়িগঙ্গার বেশ কিছু জায়গা দখলমুক্ত করা হলো ।

রোববার (২০ ডিসেম্বর) ঢাকার কেরানীগঞ্জের মধ্যেরচর থেকে ঝাউচর এলাকা পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরে এই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে ঢাকা নদী বন্দর কর্তৃপক্ষ। এ সময় একতলা পাকা মার্কেট ৮ রুম, একতলা পাকা বিল্ডিং ৪ রুম, একতলা পাকা বিল্ডিং ৬ রুম, পাকা ওয়াল ৬টি, টং ঘর ১০টিসহ মোট ৩৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ১ একর তীরভূমি উদ্ধার করা হয়।
উচ্ছেদকৃত অবৈধ স্থাপনাগুলোর মধ্যে রয়েছে- একতলা পাকা মার্কেট (৮টি রুম), একতলা পাকা ভবন (১০টি রুম), পাকা দেয়াল ৬টি এবং টংঘর ১০টি। রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঝাউচর এলাকায় বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক বলেন, বুড়িগঙ্গা নদীর তীরভূমি পুনঃদখল রোধে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীর সীমানা পিলারের মধ্যে যেসব স্থাপনা পাওয়া গেছে সেগুলো উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) একই এলাকায় আবার উচ্ছেদ অভিযান চালানো হবে। এছাড়া সাভার এলাকায় নদীর তীরে অবৈধভাবে ইটখোলা তৈরি হয়েছে। আগামী সপ্তাহ থেকে এসব ইটখোলা পরিবেশ অধিদফতরের সঙ্গে নিয়ে যৌথভাবে উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয় সূত্র জানায়, কেরানীগঞ্জের মধ্যেরচর খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে সাবেক কাউন্সিলর ইরফান সেলিমের লাগানো সাইনবোর্ড ও একতলা বিল্ডিং গুঁড়িয়ে দেয়া হয়েছে। কেরানীগঞ্জের মধ্যেরচর খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে নূরুল ইসলামের অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে এই অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল।