বুড়িমারীতে পুড়িয়ে হত্যা মামলায় আরও ৪ গ্রেফতার

বুড়িমারীতে জুয়েল হত্যাকাণ্ডের ঘটনাস্থল

সন্ধান২৪.কম : লালমনিরহাট জেলার  বুড়িমারীতে গুজব ছড়িয়ে নামাজী ও ধর্মপ্রাণ আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলকে  পিটিয়ে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনার তিন মামলায় আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ ও পাটগ্রাম থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

হতভাগ্য জুয়েল ও তার সন্তান

গ্রেফতারকৃতরা হলেন, বুড়িমারী ইউনিয়নের তালপট্টি এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মাইনুল ইসলাম (২৬), একই ইউনিয়নের উফারমারা সোনারভিটা এলাকার রফিকুল ইসলামের ছেলে আব্দুর রহিম (২২), একই এলাকার সাইদুল ইসলামের ছেলে সোহেল রানা (২০) ও শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে হাসানুর রহমান (২৪)।

তাদের মধ্যে মাইনুল ইসলামকে পুলিশের উপর হামলা ও বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভাংচুর মামলায় এবং অপর তিনজনকে জুয়েল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ পর্যন্ত ৬ দফায় মোট ২৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বুড়িমারী কেন্দ্রীয় মসজিদে মানসিক অসুস্থ রংপুরের আবু ইউনুছ মো. সহিদুন্নবী জুয়েলের বিরুদ্ধে ‘কোরআন অবমাননার’ গুজব ছড়িয়ে পিটিয়ে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা।

 

Exit mobile version