বাংলাদেশে আসার পর থেকেই ক্রিকেটারদের নিয়ে বেশ উৎফুল্ল ব্যাটিং কোচ জেমি সিডন্স। শনিবার সকালে টেস্ট দলে থাকা ক্রিকেটারদের নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশে রওয়ানা হয়েছেন তিনি।
মাঝে যাত্রা বিরতিতে টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ওপেনার সাদমান ইসলাম, স্পিনার তাইজুল ইসলামসহ সাত ক্রিকেটারকে নিয়ে ফেসবুক পেজে একটা সেলফি পোস্ট করেছেন। দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজেই ব্যাটাররা ভালো করতে পারেনি।
দক্ষিণ আফ্রিকা তো আরও কঠিন কন্ডিশন। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সিডন্স ব্যাটিংয়ে আরও উন্নতি দেখতে চান। কাল দক্ষিণ আফ্রিকার বিমান ধরার আগে এই ব্যাটিং কোচ বলেন, ‘কাজটা কঠিন হবে (দক্ষিণ আফ্রিকা সফরে)। তবে মনে হয় আমরা ভালো করব। ছেলেরা ভালো অবস্থায় আছে, আফগানিস্তানের বিপক্ষে বেশ ভালো করেছে। শুধু আমাদের আরেকটু ভালো ব্যাট করতে হবে।’
দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে এখনো জিততে পারেনি বাংলাদেশ। ছয় টেস্টে সর্বোচ্চ দলীয় ইনিংস ৩২০ রানের। ৩০০ ছোঁয়ার অভিজ্ঞতা একবারই। ১২ ইনিংসের আটটিতেই ১৮০ রানের কমে অলআউট হয়েছে দল। ১৪ ওয়ানডেতে মাত্র একবার আড়াইশ ছুঁতে পেরেছে বাংলাদেশ। সব মিলে দুইশর বেশি রান হয়েছে মাত্র তিন ম্যাচে। অথচ দক্ষিণ আফ্রিকার মাটিতে অনেক রান হয় ওয়ানডে, টি ২০তে।
টেস্ট দল কেপটাউনে অনুশীলন করবে। গ্যাবি কারস্টেনের ক্রিকেট একাডেমিতে কয়েকদিন অনুশীলন করতে পারবে তারা। দুদিন সময় দেবেন কারস্টেনও। ওয়ানডে দল তখন জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়ানে ওয়ানডে সিরিজ খেলবে।


