ভারতকে দ্রুত সাহায্যের আশ্বাস দিলো যুক্তরাষ্ট্র

সন্ধান২৪.কমঃ ভারতের করোনা পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করল।  করোনার বিরুদ্ধে লড়াই করতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন  বলেন ।ভারতকে সবরকম সাহায্যের চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

 জানা যায়, ব্লিংকেন বলেন,আমরা খুব দ্রুত ভারত এবং ভারতের স্বাস্থ্যকর্মীদের জন্য যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করছি। মারণ ভাইরাসের প্রাদুর্ভাবে ভারতের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আমাদের হৃদয় ভারাক্রান্ত। আমাদের সহযোগী দেশ ভারতের সঙ্গে নিবিড়ভাবে আমরা যোগাযোগ রেখেছি। 

হোয়াইট হাউসের জাতীয় সুরক্ষা উপদেষ্টা জেক সুলিভান বলেন যে, আমেরিকা ভারতকে সাহায্যের জন্য চব্বিশ ঘন্টা কাজ করছে। ভারতে যেভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র খুব উদ্বিগ্ন। আমরা আমাদের বন্ধু দেশ ভারতের জন্যে সবরকম সাহায্য করব এবং মেডিক্যাল সরঞ্জাম, জীবনদায়ী ওষুধ থেকে ভ্যাকসিন দ্রুত সরবরাহের কাজ করব।

ইউএস চেম্বারস অফ কমার্সসহ বিভিন্ন মহল থেকেই চাপ বাড়ছে বাইডেন প্রশাসনের ওপর।  করোনা পরিস্থিতিতে বিশ্বের কয়েকটি দেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে ভারত, ব্রাজিলের মতো দেশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ডোজ এবং অন্যান্য জীবনদায়ী ওষুধ রফতানির ব্যবস্থা করতে প্রশাসনকে অনুরোধ করছে মার্কিন চেম্বার অফ কমার্স।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১ জন। একদিনে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৭৬৭ জনের। বেলাগাম সংক্রমণ গোটা দেশে। সব মিলিয়ে রবিবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার ১৭২।

 

Exit mobile version