ভারতফেরত ৪০০ জনের ঈদ কাটবে যশোরের হোটেলে

সন্ধান২৪.কমঃ দেশের স্থলবন্দর বেনাপোল দিয়ে আসা প্রায় ৪০০ বাংলাদেশী পাসপোর্টধারীকে এবার যশোরের হোটেলেই ঈদ উদযাপন করতে হবে। স্বাস্থ্যবিধির অংশ হিসেবে তারা ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে হোটেলে অবস্থান করছেন। তবে যশোরের জেলা প্রশাসন  ঈদের দিন তাদের সেমাই, পোলাও, মাংসসহ উন্নত খাবার সরবরাহ করবে।

যশোরের জেলা প্রশাসন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১ মে এবং পরবর্তী সময়ে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফেরা বাংলাদেশীদের ঈদের দিন হোটেলেই থাকতে হবে। আর ৩০ এপ্রিল দেশে ফেরত আসাদের কোয়ারেন্টিন শেষ হবে ঈদের দিন (সম্ভাব্য ১৪ মে)  এখন পর্যন্ত আসা যাত্রীদের হিসাবে ঈদের দিন হোটেলেই থাকতে হচ্ছে ৩৯১ জনকে। আর ঈদের দিন ছুটি মিলছে ১০১ জনের। ঈদ একদিন আগে উদযাপিত হলেও তাদের হোটেলেই থাকতে হবে।

যশোরের জেলা প্রশাসনের তথ্যমতে, গত ১৫ দিনে (২৬ এপ্রিল থেকে ১০ মে) পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছেন ২ হাজার ৬৯৯ জন বাংলাদেশী পাসপোর্টধারী। তাদের মধ্যে যশোর জেলায় অবস্থান করছেন ১ হাজার ১৮১ জন। এর মধ্যে যশোর শহরের বিভিন্ন হোটেলে ৪৬৭ জন, বেনাপোলে হোটেলে ৪৩৮, গাজীর দরগায় ১৪০, যশোর বক্ষব্যাধি হাসপাতালে ১০১, অন্যান্য ক্লিনিকে তিনজন রয়েছেন  যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ১৩ জনসহ ৩২ জনকে রাখা হয়েছে।

ভারতফেরত রোগীদের কোয়ারেন্টিনে রাখার জন্য যশোর জেলায় ২৯টি হোটেল রিকুইজিশন করেছে জেলা প্রশাসন। এর মধ্যে শহরের ১৬টি হোটেল রয়েছে। এছাড়া বেনাপোলে নেয়া হয়েছে আরো ১৩টি হোটেল। 

Exit mobile version