সন্ধান২৪.কমঃ বাংলাদেশি বংশোদ্ভূত নিশীথ প্রামাণিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় স্বরাষ্ট্র ,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন । বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ির উপজেলার ভেলাকোপা গ্রামে প্রতিবেশী ভারতের নতুন এ প্রতিমন্ত্রীর পৈত্রিক বাড়ি ।
নিশীথ প্রামাণিকের এমন অর্জনে গাইবান্ধায় থাকা তার কাকা-জেঠা ও কাকাতো ভাইসহ পরিবারের সবাই খুব খুশি। একে-অপরকে মিষ্টি খাইয়ে করছেন আনন্দ-উল্লাস। তার প্রতিমন্ত্রী হওয়ার খবর গণমাধ্যমে প্রচারের পর থেকেই বিষয়টি নিয়ে জেলাজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

নিশীথের বাড়িতে তার কাকা, জেঠা ও কাকাতো ভাইসহ পরিবারের লোকজন বসবাস করেন। তারা বলেন, সর্বশেষ ২০১৮ সালে ঢাকায় এসে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন নিশীথ। ভারতে অবস্থান করলেও সে আমাদের পরিবারের সন্তান। প্রতিমন্ত্রী হওয়ার এই অর্জনে পরিবার ছাড়াও গ্রামের মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে।
নিশীথের জেঠা শ্রী দক্ষিণা রঞ্জণ প্রামাণিক বলেন, তার ভাই বিধু ভূষণ প্রমাণিক (নিশীথের বাবা) দেশভাগের আগে ভারতের কোচবিহারে পাড়ি জমান। নিশীথ প্রামাণিক বিধু ভূষণের একমাত্র সন্তান।
নিশীথের পৈত্রিক বাড়িতে কাকা-জেঠাদের উল্লাস
নিশীথের জেঠাতো ভাই সঞ্জিত কুমার প্রামাণিক বলেন, ভারতে লেখাপড়া শেষ করে শিক্ষকতার চাকরি নেয় নিশীথ। কিছুদিন পর চাকুরী ছেড়ে রাজনীতিতে যোগ দেয়। প্রথমে ভারতীয় তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলার যুব সেক্রেটারি ছিলো। এরপর তিনি বিজেপিতে যোগ দেয়। বিপুল ভোটে কুচবিহারের সংসদ সদস্য নির্বাচিত হয়। ২০২১ সালে বিধানসভার ভোটে এমএলএ নির্বাচিত হয়। ছোট ভাই নিশীথ প্রামাণিক প্রতিমন্ত্রী হওয়ায় শুধু খুশিই নয়, গর্বিতও সবাই।
ভেলাকুপা গ্রামের মোতাহার ও আনোয়ার বলেন, নিশীথ প্রামাণিক ভারতের মন্ত্রিসভায় স্থান পাওয়ায় আমরা গ্রামের মানুষরা আনন্দিত। আমরা মনে করি, নিশীথ প্রামাণিক তার যোগ্যতা ও জনপ্রিয়তার মূল্যায়ন পেয়েছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন বেশ কয়েকজন। সেখানে নবগঠিত মন্ত্রিসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক।


