সন্ধান২৪.কম : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা ভারতে উৎপাদিত হলে প্রতিবেশী দেশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ পাবে-এ আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। দু’দিনের ঢাকা সফরের শেষ দিনে গতকাল দুপুরে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব বৈঠক শেষে এ আশ্বাস দেন তিনি। অন্যদিকে, ভারত করোনা সময়ে বাংলাদেশের সঙ্গে এয়ার বাবল তৈরি করতে চায় বলে হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন।

এদিকে রোহিঙ্গা সমস্যা সমাধানের ব্যাপারে আগামীতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে আলোচনার সময় বাংলাদেশ ভারতের সহযোগিতা চেয়েছে। পররাষ্ট্র সচিব শ্রিংলা এ ব্যাপারে আশ্বাস্ত করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা নিয়ে হর্ষবর্ধন শ্রিংলা দু’দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকায় আসেন। করোনার কারণে মুজিববর্ষের অনুষ্ঠান স্থগিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসতে না পারলেও ভারতের প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে শ্রিংলা আকস্মিক ঢাকা সফরে আসেন।
মঙ্গলবার ঢাকায় এসে সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন শ্রিংলা। তাদের সাক্ষাৎকার প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।
গতকাল বুধবার সকালে হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দৈনিক সংবাদ সম্পাদক আলতামাশ কবির ও একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু তার (হর্ষবর্ধন শ্রিংলা) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় হর্ষবর্ধন বাংলাদেশের প্রতি ভারতের সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। শ্রিংলা গতকাল দুপুরে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন।


