ভারতে থাকা নাগরিকদের দ্রুত ফিরতে বলল আমেরিকা

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে ৩৬৮ জনের। বৃহস্পতিবার রাজধানীর এক শ্মশানে।

ওয়াশিংটন: ভারতের করোনা সংক্রমণ লাগাম ছাড়া হারে বাড়ছে । চিকিৎসা পেতে হয়রান দেশবাসী। এই অবস্থায় নাগরিকদের ভারতে আসতে নিষেধ করল আমেরিকা। পাশাপাশি ভারতে থাকা সে দেশের নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশে ফেরার আবেদন জানানো হয়েছে।

কারণ হিসেবে ভারতে বাড়তে থাকা করোনা সংক্রমণ ও চিকিৎসার সঙ্কটকে দায়ী করা হয়েছে। ট্রাভেল অ্যাডভাইজারির ফোর্থ লেবেলে রাখা হয়েছে ভারতকে। স্পর্শকাতর তালিকার শীর্ষ ক্রম হচ্ছে এই লেবেল ফোর। ওই নির্দেশিকায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত থেকে সরাসরি আমেরিকা ছাড়াও প্যারিস ও ফ্রাঙ্কফুর্ট  হয়ে সে দেশে যাওয়ার বিমান এখনও চলছে। ফলে নাগরিকদের ফিরে যেতে এখনই কোনও সমস্যা নেই। নয়াদিল্লির মার্কিন দূতাবাস এক ট্যুইটে জানিয়েছে, ভারতে অবস্থিত তাদের দেশের নাগরিকরা যেন স্টেপ-এ (স্মার্ট ট্রাভেল এনরোলমেন্ট প্রোগ্রাম) গিয়ে নিজের নাম নথিভুক্ত করেন। যাতে তাঁরা দূতাবাস থেকে ভারতের করোনা পরিস্থিতি ও স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের ওয়েবসাইট ফলো করতে বলা হয়েছে।

 

Exit mobile version