সন্ধান২৪.কম ডেস্ক : আইন মেনেই ভারত থেকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী মহম্মদ আসাদুজ্জামান। তিনি দাবি করেছেন, এই সংক্রান্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
হাসিনা ভারতে বসে ঘোষণা করেছেন, তিনি ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন। এই নিয়ে ভারত কোনও মন্তব্য করেনি। বাংলাদেশের আইনমন্ত্রী শনিবার জানান, তাদের করফে এই সংক্রান্ত আইনি প্রক্রিয়া ইতিমধ্যে শেষ করা হয়েছে। তিনি বলেন, ‘‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, করে রেখেছি। ওঁরা (ভারত) কী করবেন, সেটা ওঁদের বিষয়৷’’
শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ২০২৪ সালের নভেম্বরেই ভারতকে ‘নোট ভার্বাল’ (কূটনৈতিক বার্তা) পাঠিয়েছিল। তা নিয়ে পরে তাগাদাও দেয়। এ বার বাংলাদেশ জানাল, হাসিনাকে সে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
হাসিনার দেশের আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিবিসি বাংলার সাম্প্রতিক একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, হাসিনার বাংলাদেশে ফেরার জন্য তারেক রহমানের সরকারকে দু’টি শর্ত দিয়েছে নয়াদিল্লি। সে দেশের সেনার বিমানেই হাসিনাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে, যেমনটা তিনি এসেছিলেন। আর বাংলাদেশে ফিরে তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যাতে আপিল করতে পারেন, সেই সুযোগ দিতে হবে হাসিনাকে। সেই শর্তের মাধ্যমে হাসিনার সুবিচার এবং নিরাপত্তাই নিশ্চিত করতে চেয়েছে ভারত সরকার, এমনটাই দাবি প্রতিবেদন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, দেশে ফিরে কি তিনি আইনি সাহায্য পাবেন?
প্রথম আলোর প্রতিবেদন অনুসারে, এ প্রসঙ্গে ১৯৭৩ সালের আইনের কথা উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘‘ওই আইনের ৪৭(৩) অনুচ্ছেদে বলা রয়েছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত কোনও ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না৷’’ তিনি এও বলেন, ‘‘ওঁরাই (শেখ মুজিবুর রহমান) সে আইন করে গেছেন।’’
গত ৯ নভেম্বর ঢাকার কাছে পাসপোর্ট চেয়ে আবেদন করেন হাসিনা। সংবাদসংস্থা এপি জানিয়েছে, সোমবার হাসিনার তরফে এক আইনজীবী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে গিয়ে চিঠি দিয়ে আসেন। সেখানেই পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আবেদন জানানো হয়েছে। বাংলাদেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেওয়ার পরে হাসিনা এই প্রথম নিজের দেশের সরকারের সঙ্গে সরকারি যোগাযোগ করলেন।
