’বিশ্বের বৃহত্তম’ গণ টিকাদান কর্মসূচির জন্য ভারত প্রস্তুত

সন্ধান২৪.কমঃ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত শনিবার করোনাভাইরাসের গণ টিকাদান শুরুর মধ্য দিয়ে  এ মহামারীকে পরাজিত করার লড়াই শুরু করছে ।

ভারতের তিন হাজার ছয়টি কেন্দ্রে এদিন করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রী স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।

প্রথম দফায় স্বাস্থ্যকর্মীসহ সম্মুখসারির তিন কোটি মানুষকে বিনামূল্যে টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে ভারত সরকার। স্বাস্থ্যকর্মী ছাড়াও পরিচ্ছন্নতাকর্মী, সেনাবাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের নাম রয়েছে প্রথম তালিকায়।

মহামারী মোকাবেলায় দিল্লির টাস্ক ফোর্সের ডা. সুনীলা গার্গ এনডিটিভিকে বলেন, শুরুতেই যারা টিকা পাবেন তাদের বয়স ৫০ বছরের কম। এই তালিকায় থাকা বেশিরভাগই নার্স, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতাকর্মী এবং তরুণ চিকিৎসক।

ভারতে শুক্রবার পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি পাঁচ লাখ ২৭ হাজার ছাড়িয়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে সবচেয়ে বেশি। মৃত্যু হয়েছে এক লাখ ৫১ হাজার ৯১৮ জনের।

গত ৯ জানুয়ারি এক ঘোষণায় ভারত সরকার জানায়, ১৬ জানুয়ারি তাদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। তার আগে নতুন বছরের শুরুতে দুটি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় দেশটির ওষুধ খাতের নিয়ন্ত্রণক সংস্থা।

স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা বলেন, “টিকাদান কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকা দেওয়া হবে। বিকাল ৫টার মধ্যে যারা টিকা নিতে আসবেন, তাদের ৫টা গড়িয়ে গেলেও টিকা দেওয়া হবে। যেমনটা ভোটের সময় হয়।”

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বর্তমানে ভারত সরকারের হাতে সেরাম ইন্সটিটিউটের উৎপাদিত এক কোটি ১০ লাখ ডোজ এবং ভারত বায়োটেক উৎপাদিত ৫৫ লাখ ডোজ টিকা আছে।

নিয়ম অনুযায়ী প্রত্যেককে ২৮ দিনের ব্যবধানে দুই ডোজ টিকা দেওয়া হবে। প্রথম দফায় স্বাস্থ্যকর্মীসহ সম্মুখ সারির যোদ্ধা তিন কোটি মানুষকে টিকা দেওয়ার পর টিকা পাবে ২৭ কোটি মানুষ, যাদের বয়স ৫০ এর বেশি বা দুরারোগ্য ব্যাধির কারণে যারা ঝুঁকির মুখে রয়েছেন।

১ কোটি ৩০ লাখ মানুষের এ দেশের অন্তত ৩০ কোটি নাগরিককে আগামী ছয় থেকে আট মাসের মধ্যে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে ভারত সরকার।

 

 

 

Exit mobile version