সন্ধান২৪.কমঃ ধান চুরির অভিযোগে এক ভিক্ষুককে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার পর সেই ভিক্ষুকের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। নির্যাতনকারী আটক মাসুদের ভাই খাইরুল বাদী হয়ে বৃহস্পতিবার থানায় এ মামলা করেন। নেত্রকোণার মদনে আব্দুল বারেক (৫৫) নামের এক বয়স্ক ভিক্ষুককে মারধর করা হয়।
এদিকে, ভিক্ষুক পেটানোর একটি ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কয়েক ঘণ্টাব্যাপী অমানুসিক নির্যাতনের পর ওই ভিক্ষুককে পুলিশে হস্তান্তর করে নির্যাতনকারীরা। বুধবার উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগরি পূর্বহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর মাসুদ নামের এক যুবককে ওই রাতেই আটক করেছে মদন থানার পুলিশ। মাসুদ পূর্বহাটি গ্রামের মৃত মুক্তার আলীর ছেলে।
জানা গেছে, আব্দুল বারেক নামের ওই ভিক্ষুক ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনহাটি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি হাওরাঞ্চলে ধান কাটার সময় ভিক্ষা করতে এসেছিলেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আব্দুল বারেককে মারধরের ঘটনায় মাসুদ মিয়াকে আটক করা হয়েছে। বারেক এখন সম্পূর্ণ সুস্থ। তাকে হাসপাতাল থেকে থানায় এনে রাখা হয়েছে। বারেকের বিরুদ্ধে মাসুদের ভাই থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন।


