সন্ধান২৪.কম : অপহরণ, ধর্ষণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্র হননের অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। গত সোমবার রাতে রাজধানীর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন এক ছাত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের স্নাতকোত্তর শ্রেণির ঐ ছাত্রী এর আগে লালবাগ থানায় ধর্ষণের অভিযোগে আরেকটি মামলা করেছিলেন।
নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাদের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলাকে মিথ্যা মামলা হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের (ছাত্র অধিকার পরিষদ) বিভিন্ন জেলা শাখার নেতাকর্মীরা। এ মামলা প্রত্যাহারের দাবিতে সংগঠনটির পটুয়াখালী, যশোর, দিনাজপুর, ময়মনসিংহ ও বরিশাল শাখার নেতাকর্মীরা মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

ঐ মামলার পর পুলিশ নুরকে আটক করলেও ছেড়ে দেয়। এদিকে এই মামলাকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র অধিকার সংগ্রাম পরিষদ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এই মামলায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, লালবাগ থানায় যে শিক্ষার্থী মামলা করেছিলেন, কোতোয়ালি থানার মামলাটি তিনিই করেছেন। তবে ঘটনা দুটি ভিন্ন। তিনি বলেন, কোতোয়ালি থানায় দায়ের করা মামলার আসামিদের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্র হননের অভিযোগ আনা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান জানান, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের প্ল্যাটফরম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগকে (২৮) এ মামলার ১ নম্বর আসামি করা হয়েছে। পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে করা হয়েছে মামলার ২ নম্বর আসামি, যাকে লালবাগের মামলায় প্রধান আসামি হিসেবে দেখানো হয়েছে। আর লালবাগের মতো কোতোয়ালির মামলায়ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নাম এসেছে আসামির তালিকার ৩ নম্বরে। নুরও ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক। অন্য তিন আসামি হলেন পরিষদের যুগ্ম-আহ্বায়ক ইফুল ইসলাম (২৮), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি নাজমুল হুদা (২৫) এবং কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ হিল বাকি (২৩)।
এদিকে নুরের বিরুদ্ধে হওয়া মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ। দাবি আদায়ে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব ও জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা।
তরুণীর দায়ের করা মামলায় আইন অনুযায়ী নুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নুরের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’


